পাকিস্তান সফরে যাচ্ছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী, দ্বিতীয় দফা আলোচনা শুরুর ইঙ্গিত?
প্রকাশিত হয়েছে : ৬:৫৯:৫৩,অপরাহ্ন ২৪ এপ্রিল ২০২৬ | সংবাদটি 0 View
ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে শান্তি আলোচনা পাকিস্তানে পুনরায় শুরু হতে পারে। শুক্রবার (২৪ এপ্রিল) রাতে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচির ইসলামাবাদে পৌঁছানোর কথা রয়েছে বলে জানিয়েছে পাকিস্তানের তিনটি সূত্র। তবে সেখানে যুক্তরাষ্ট্রের প্রতিনিধিদলের সঙ্গে তার আলোচনা হবে কি না সে বিষয়ে নিশ্চিতভাবে কিছু জানা যায়নি।
সূত্রগুলোর মধ্যে পাকিস্তান সরকারের দুই কর্মকর্তা জানান, সম্ভাব্য আলোচনাকে সামনে রেখে যুক্তরাষ্ট্রের একটি লজিস্টিক ও নিরাপত্তা দল ইতোমধ্যেই সেখানে অবস্থান নিয়েছে।
এ বিষয়ে ওয়াশিংটন বা তেহরানের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
গত মঙ্গলবার (২১ এপ্রিল) ইসলামাবাদে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে শান্তি আলোচনার দ্বিতীয় দফা অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও তা আর হয়নি। ইরান জানায়, তারা এখনও বৈঠকে অংশগ্রহণের বিষয়ে প্রতিশ্রুতিবদ্ধ হতে প্রস্তুত নয়। অন্যদিকে, ইরানের বৈঠকে অংশগ্রহণ নিয়ে ধোঁয়াশা তৈরি হওয়ায় মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সের নেতৃত্বাধীন যুক্তরাষ্ট্রের প্রতিনিধি দল ওয়াশিংটন ত্যাগ করেনি।
শুক্রবার ইরানের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দারের টেলিফোনে কথা হয়েছে বলে উভয় পক্ষই নিশ্চিত করেছে। পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, দুই পক্ষ আঞ্চলিক পরিস্থিতি, যুদ্ধবিরতি এবং যুক্তরাষ্ট্র-ইরানের মধ্যকার চলমান কূটনৈতিক প্রচেষ্টা নিয়ে মতবিনিময় করেছে।
ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা আইআরএনএ জানায়, পাকিস্তান সেনাবাহিনীর প্রধান আসিম মুনিরের সঙ্গেও পৃথকভাএ টেলিফোনে কথা বলেছেন আরাগচি।
তবে পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় এবং সেনাবাহিনীর গণমাধ্যম শাখা এ ধরনের কোনও আলাপের বিষয়টি নিশ্চিত বা অস্বীকার করেনি।




