গুলশানে বিদেশি নারী নিহত, ‘পিটিয়ে হত্যা’ অভিযোগের তদন্তে পুলিশ
প্রকাশিত হয়েছে : ৩:১৭:০৭,অপরাহ্ন ২৮ এপ্রিল ২০২৬ | সংবাদটি 0 View
রাজধানীর গুলশান এলাকায় এক বিদেশি নারীর মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। মঙ্গলবার সকালে গুলশান-২ এলাকার কন্টিনেন্টাল হাসপাতাল-এ তাকে মৃত অবস্থায় নেওয়া হয় বলে জানিয়েছে পুলিশ।
নিহত নারীর নাম শামীম সালিম কাসিম (৬৭)। তিনি গুলশানের বারিধারা এলাকার পার্ক রোডের একটি বাসায় বসবাস করতেন।
গুলশান থানার পরিদর্শক (তদন্ত) মোখলেসুর রহমান বলেন, “কন্টিনেন্টাল হাসপাতাল থেকে আমাদের কাছে ফোন করে বিষয়টি জানানো হয়। আমরা শুনেছি একজন বিদেশিকে পিটিয়ে হত্যা করা হয়েছে। পুরোটা এখনো জানা যায়নি। আমি ও আমাদের টিম ঘটনাস্থলে যাচ্ছি।”
তিনি আরও জানান, নিহত নারী কোন দেশের নাগরিক তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। পুরো বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।
পুলিশ জানিয়েছে, প্রাথমিকভাবে মৃত্যুর কারণ ও ঘটনার পেছনের পরিস্থিতি জানতে কাজ চলছে। ঘটনাস্থল ও আশপাশের সিসিটিভি ফুটেজ সংগ্রহের পাশাপাশি সংশ্লিষ্টদের জিজ্ঞাসাবাদ করা হতে পারে।
ঘটনাটি ঘিরে গুলশান এলাকায় নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠেছে বলে স্থানীয়রা জানিয়েছেন। তবে আইনশৃঙ্খলা বাহিনী বলছে, তদন্ত শেষ না হওয়া পর্যন্ত কোনো সিদ্ধান্তে আসা যাচ্ছে না।




