ফতুল্লায় গ্যাস বিস্ফোরণ: একে একে প্রাণ গেল তিন ভাইবোনেই, মা হাসপাতালে
প্রকাশিত হয়েছে : ৮:৩৮:২২,অপরাহ্ন ১৪ মে ২০২৬ | সংবাদটি 0 View
নারায়ণগঞ্জের ফতুল্লা এলাকায় বাসায় গ্যাস লিক থেকে হওয়া বিস্ফোরণে দগ্ধ ভাইয়ের মৃত্যুর তিন ঘণ্টার ব্যবধানে তার আরেক বোন মারা গেছে।
বৃহস্পতিবার বেলা ১২টা ৫০ মিনিটে ১০ বছর বয়সী মুন্নির মৃত্যুর তথ্য দিয়েছেন জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের সহকারী অধ্যাপক শাওন বিন রহমান। মুন্নির শরীরের ৩৫ শতাংশ দগ্ধ হয়েছিল।
রোববার সকালে ওই বিস্ফোরণের ঘটনায় বাবার পর একে একে তিন ভাইবোনেরই মৃত্যু হলো। পরিবারের পাঁচ সদস্যের মধ্যে শুধু মা এখন হাসপাতালে চিকিৎসাধীন।
এর আগে বৃহস্পতিবার সকাল ৯টা ৪০ মিনিটে একই হাসপাতালে চিকিৎসাধীন মুন্নির ছোটভাই সাত বছর বয়সী মুন্না মারা যায়। তার শরীরের ৩০ শতাংশ দগ্ধ হয়েছিল।
আগের দিন বুধবার সন্ধ্যায় তাদের আরেক বোন কথা মারা যায়; তার শরীরের ৫২ শতাংশ পুড়ে গিয়েছিল।
ফতুল্লার গিরিধারা এলাকার একটি ছয়তলা ভবনের নিচতলার ফ্ল্যাটে রোববার সকালে ওই বিস্ফোরণ ঘটে। তাতে তিন শিশু সন্তানসহ এক দম্পতি দগ্ধ হন।
তাদের সবাইকে ভর্তি করা হয় জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে। তখনই তাদের অবস্থা ‘আশঙ্কাজনক’ ছিল বলে জানান চিকিৎসকরা।
পরদিন সকালে মারা যান ৩৫ বছর বয়সী গৃহকর্তা মো. কালাম। তার শরীরে ৯৫ শতাংশ দগ্ধ ছিল। এরপর একে একে তার তিন সন্তানেরও মৃত্যু হয়।
বর্তমানে কালামের স্ত্রী সায়মা (৩২) শরীরের ৬০ শতাংশ দগ্ধ অবস্থায় চিকিৎসাধীন আছেন।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ধারণা, তিতাস গ্যাস লাইনের লিক থেকে ঘরে গ্যাস জমে এই বিস্ফোরণ ঘটে।




