ইতালিতে নিজেকে ‘চা-ওয়ালা’ বললেন নরেন্দ্র মোদি
প্রকাশিত হয়েছে : ১১:৫০:২০,অপরাহ্ন ২১ মে ২০২৬ | সংবাদটি 0 View
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি নিজেকে চা ওয়ালা হিসেবে অভিহিত করেছেন।
বুধবার (২০ মে) ইতালির রাজধানী রোমে জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা (এফএও) সদর দপ্তরে আয়োজিত এক অনুষ্ঠানে অংশ নেন তিনি। সেখানে উপস্থিত শ্রোতাদের উদ্দেশে তিনি বলেন, আপনাদের সামনে চা ওয়ালা উপস্থিত হয়েছে।
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা যায়।
অনুষ্ঠানে উপস্থিত অতিথিদের উদ্দেশে নরেন্দ্র মোদি বলেন, আগামীকাল আপনারা চা দিবস উদযাপন করবেন। তাই এক দিন আগেই একজন ‘চা-ওয়ালা’ আপনাদের মাঝে চলে এসেছি। ভারতের চায়ের বৈচিত্র্য যেমন বিস্তৃত, তেমনি এর শক্তিও অনেক বড়। তার এ বক্তব্যে উপস্থিতদের মধ্যে হাস্যরসের সৃষ্টি হয় এবং তারা করতালির মাধ্যমে প্রতিক্রিয়া জানান।
ভারতের চায়ের প্রশংসা করে মোদি বলেন, ভারতের চায়ের বৈচিত্র অনেক বিস্তৃত। ভারতের চায়ের শক্তিও অসাধারণ।
গত ১৫ মে শুরু হওয়া পাঁচ দেশের সফরের অংশ হিসেবে মোদি সংযুক্ত আরব আমিরাত, নেদারল্যান্ডস, সুইডেন, নরওয়ে ও ইতালি সফর করেন। রোম সফরকালে মোদিকে ২০২৬ সালের মর্যাদাপূর্ণ ‘অ্যাগ্রিকোলা মেডেল’ প্রদান করে এফএও। এই সম্মাননা গ্রহণ করে মোদি বলেন, এটি শুধু তার ব্যক্তিগত অর্জন নয়, বরং ভারতের কোটি কোটি কৃষক, পশুপালক, জেলে, কৃষি বিজ্ঞানী ও শ্রমজীবী মানুষের প্রতি সম্মান।
এই পুরস্কার ভারতের মানবকল্যাণ, খাদ্য নিরাপত্তা ও টেকসই উন্নয়নের প্রতি অঙ্গীকারের স্বীকৃতি বলেও উল্লেখ করেন মোদি।
মোদি যখন ছোট ছিলেন তখন তিনি গুজরাটের এক রেলস্টেশনে চা বিক্রি করতেন। এরপর আরএসএসের মতো উগ্রপন্থি সংগঠনের সঙ্গে যুক্ত হয়ে রাজনীতিতে আসেন।
২০১৪ সালে তিনি প্রথমবার প্রধানমন্ত্রী হন। এরপর টানা তিনবার মোদি প্রধানমন্ত্রী হয়ে অন্যন্য কীর্তি গড়েছেন।
প্রধানমন্ত্রী হওয়ার আগে তিনি গুজরাটের মুখ্যমন্ত্রী ছিলেন। তার শাসনামলে গুজরাটে হয় ইতিহাসের অন্যতম নৃশংস গণহত্যা। এতে হাজার হাজার মুসলিম প্রাণ হারিয়েছিলেন।




