পানিতে ডুবে ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের দুই শিক্ষার্থীর মৃত্যু
প্রকাশিত হয়েছে : ১০:১৯:৪৮,অপরাহ্ন ২২ মে ২০২৬ | সংবাদটি 0 View
মুন্সীগঞ্জ শহরের পশ্চিম দেওভোগ এলাকায় পুকুরে গোসল করতে নেমে ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের দুই শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। শুক্রবার (২২ মে) বিকেলে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- মো.সোপান (২৪), পশ্চিম দেওভোগ এলাকার প্রয়াত মোস্তাকুর রহমানের ছেলে এবং মো. আজওয়াদ (২৩), ঢাকার মিরপুর-১৩ এলাকার বাসিন্দা রিপনের ছেলে। তারা উভয়েই ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের অনার্স দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার দুপুরে ঢাকাসহ বিভিন্ন স্থান থেকে ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের ১৩-১৫ জন শিক্ষার্থী সোপানের বাড়িতে বেড়াতে আসেন। বিকেল ৪টার দিকে তাদের কয়েকজন বাড়ির পাশের পুকুরে গোসল করতে নামেন। এ সময় আজওয়াদ পা পিছলে পানিতে পড়ে যান। তিনি সাঁতার না জানায় ডুবে যেতে থাকলে তাকে উদ্ধার করতে এগিয়ে যান সোপান। কিন্তু একপর্যায়ে তারা দু’জনই পানিতে তলিয়ে যান।
পরে বন্ধু ও স্থানীয়দের সহায়তায় তাদের উদ্ধার করে মুন্সীগঞ্জ সদর জেনারেল হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
মুন্সীগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক মুহাম্মদ সফিকুল ইসলাম গণমাধ্যমকে জানান, খবর পেয়ে ডুবুরি দল ঘটনাস্থলে রওনা হলেও পথিমধ্যে জানতে পারেন স্থানীয়রা তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেছে। পরে ফায়ার সার্ভিস সদস্যরা হাসপাতালে গিয়ে তথ্য সংগ্রহ করে ফিরে আসেন।
এ বিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার মো. কামরুল হাসান গণমাধ্যমকে বলেন, বন্ধুর বাড়িতে বেড়াতে এসে পানিতে নেমে দুই শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।




