ক্ষমতার বাহানায় বিএনপি সরকার আর সংস্কার করতে চায় না: আখতার
প্রকাশিত হয়েছে : ২:১০:২৬,অপরাহ্ন ০৩ মে ২০২৬ | সংবাদটি ১ বার পঠিত
ক্ষমতার বাহানায় বিএনপি সরকার আর সংস্কার করতে চায় না বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) সদস্য সচিব আখতার হোসেন। তিনি বলেন, ‘ক্ষমতার বাহানায় বিএনপি সরকার আর সংস্কার করতে চায় না; তারা ক্ষমতাকে নিরঙ্কুশভাবে উপভোগ করতে চায়।’
রোববার (৩ মে) সকালে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে এনসিপির সংস্কার বাস্তবায়ন কমিটির আয়োজিত জ্বালানি, অর্থনীতি সংস্কার ও গণভোট বিষয়ে জাতীয় কনভেনশনে তিনি এসব বলেন।
তিনি বলেন, গণভোট হয়ে যাওয়ার পরে বিএনপি কোন বিষয়ে রাজি বা কোন বিষয়ে নারাজি, দ্বিরাজি- সেটা মুখ্য বিষয় হতে পারে না। বাস্তবতা হলো, ক্ষমতার বাহানায় বিএনপি সরকার আর সংস্কার করতে চায় না; তারা ক্ষমতাকে নিরঙ্কুশভাবে উপভোগ করতে চায়। কিন্তু নির্বাচনের মধ্য দিয়ে নির্বাচিত প্রতিনিধিত্বের উপর যে দায়িত্ব অর্পিত হয়, সেটাকে ক্ষমতার দৃষ্টিতে দেখার যে মানসিকতা, সেখান থেকে তারা এখনো বের হয়ে আসতে পারেন নাই।
তিনি বিএনপি সরকারের উদ্দেশ্যে বলেন, আমরা বিএনপির সাথে এই ডিবেটটাও করতে চাই আবারও যে, উচ্চকক্ষ যদি ভোটের পিয়ার অনুযায়ী হয়, সেটাতেই কি আপনাদের আপত্তি? তত্ত্বাবধায়ক সরকার যদি নতুন একটা ফর্মুলায় হয়, আপনাদের আপত্তি কি সেই জায়গায়? সাংবিধানিক প্রতিষ্ঠানগুলো একটা নিরপেক্ষ বডির মধ্য দিয়ে নিয়োগ হবে- আপনাদের আপত্তি কি সেই জায়গায়? সেটা খোলাসা হওয়া প্রয়োজন। সংস্কারের বিষয়গুলোকে কি তাহলে বিএনপি দেশ এবং জাতির জন্য নেতিবাচক মনে করে?
বিএনপিকে আখতার হোসেন বলেন, ক্ষমতায় আসার আগে নির্বাচনের সময়টাতে আপনারা গণভোটে “হ্যাঁ” এর কথা বলেছিলেন, কারণ আপনারা জানতেন যে তখন গণভোটে যদি আপনারা “না”-এর পক্ষে অবস্থান নিতেন, জনগণ আপনাদের বিপক্ষে চলে যেত। সে জনগণ তো ভোটের পরে নিষ্ক্রিয় হয়ে গেছে, ব্যাপারটা এমন না। শুধুমাত্র নির্বাচনের মধ্য দিয়েই বা পাঁচ বছর অপেক্ষা করেই তারপরেই অনেক কিছু হবে, বিষয়টা তো এমনও না। বাংলাদেশের জনগণ এই জিনিসগুলো দেখভাল করছে, তারা খেয়াল রাখছে।




