ইসলামী আন্দোলনে ফের আমির রেজাউল করীম, মহাসচিব গাজী আতাউর
প্রকাশিত হয়েছে : ৭:৪৩:৪৭,অপরাহ্ন ২৭ জুন ২০২৬ | সংবাদটি ১ বার পঠিত
ইসলামী আন্দোলন বাংলাদেশের নতুন মহাসচিব নির্বাচিত হয়েছেন দলটির মুখপাত্র গাজী আতাউর রহমান। একইসঙ্গে চার যুগ্ম মহাসচিব ও চার সহকারী মহাসচিবসহ ৪৮ সদস্যের নতুন কমিটি ঘোষণা করেছে দলটি। আবারও দলের আমির নির্বাচিত হয়েছেন চরমোনাই পীর সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম। নায়েবে আমির হয়েছেন সৈয়দ ফয়জুল করিম, আব্দুল আউয়াল, আব্দুল হক আজাদ নির্বাচিত হয়েছেন।
নতুন চার যুগ্ম মহাসচিব হলেন- আশরাফুল আলম, শেখ ফজলে বারী মাসউদ, শাহ ইফতেখার তারিক, নেছার উদ্দিন।
চার নতুন সহকারী মহাসচিব হলেন- মাওলানা সৈয়দ এসহাক মুহাম্মদ আবুল খায়ের, মাওলানা আহমদ আব্দুল কাইয়ুম, কেএম আতিকুর রহমান ও শেখ ফজলুল করীম মারুফ।
সদ্য বিদায়ী মহাসচিব ইউনুস আহমদকে দলের সর্বোচ্চ পরিষদ প্রেসিডিয়াম সদস্য করা হয়েছে। তিনি ২০০৮ সাল থেকে মহাসচিব হিসেবে দায়িত্ব পালন করেন।
শনিবার রাজধানীর পুরানা পল্টনে ফারস হোটেল অ্যান্ড রিসোর্টসে দলের মজলিসে শূরার অধিবেশনে নতুন কমিটির ঘোষণা দলের প্রধান চরমোনাই পীর সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম।
এর আগে দলের কেন্দ্রীয় মজলিসে শূরার বিশেষ বৈঠক অনুষ্ঠিত হয়। এ বৈঠকে আলোচনার পরই নতুন মহাসচিবসহ কমিটির বাকি সদস্যদের নাম ঘোষণা করেন রেজাউল করীম।
শূরার বৈঠকে রেজাউল করীম বলেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ গতানুগতিক কোনো রাজনৈতিক সংগঠন না বরং শরিয়ার পূর্ণ অনুসরণ ও বাস্তবায়নই আমাদের প্রধান লক্ষ্য। শরিয়া ও ইসলামকে প্রধান্য দিয়েই আমরা রাজনৈতিক কৌশল নির্ধারণ করি; তাতে বাহ্যিক চড়াই-উৎরাই আমরা মেনে নেই। সময় থেকে শিক্ষা নিয়ে আমরা সামনে এগিয়ে যেতে চাই। সে জন্য দলকে আরো সুসংহত করতে হবে। আগামীর চ্যালেঞ্জ মোকাবিলায় দক্ষতা অর্জন করতে হবে। কারণ জাতির প্রত্যাশা পূরণে দেশের রাজনৈতিক দলগুলোর ধারাবাহিক ব্যর্থতা আমাদের দায়িত্ব আরো বাড়িয়ে তুলছে।
দলের বিদায়ী মহাসচিব ইউনুস আহমদ সভায় উদ্বোধনী বক্তব্য দেন।




