ক্যানসার আক্রান্ত পোপ চতুর্দশ লিওর ফুসফুসে সফল অস্ত্রোপচার
প্রকাশিত হয়েছে : ৬:৪২:২৬,অপরাহ্ন ১৪ অক্টোবর ২০২৬ | সংবাদটি ৩ বার পঠিত
ক্যাথলিক খ্রিষ্টানদের সর্বোচ্চ ধর্মগুরু পোপ চতুর্দশ লিওর (৭১) ফুসফুসে ক্যানসার ধরা পড়েছে। তবে মঙ্গলবার (১৩ অক্টোবর) ইতালির রোমের জেমেল্লি হাসপাতালে এক সফল অস্ত্রোপচারের মাধ্যমে তার ডান ফুসফুসের ক্যানসার আক্রান্ত নিচের অংশটি (লোয়ার লোব) পুরোপুরি কেটে বাদ দেওয়া হয়েছে। ভ্যাটিকান কর্তৃপক্ষ এবং বিবিসি জানিয়েছে, অস্ত্রোপচারটি সফল হয়েছে এবং এখন পর্যন্ত কোনো জটিলতা দেখা দেয়নি।
ভ্যাটিকানের মেডিকেল বুলেটিন অনুযায়ী, প্রায় ৯০ মিনিট ধরে চলা এই অস্ত্রোপচারে ‘ভিডিও- অ্যাসিস্টেড’ প্রযুক্তি ব্যবহার করা হয়। পোপের প্রধান সার্জন ডা. স্তেফানো মার্গারিটোরা এবং ব্যক্তিগত চিকিৎসক ডা. লুইগি কার্বোনের নেতৃত্বে এই অস্ত্রোপচার সম্পন্ন হয়। জ্ঞান ফেরার পর পোপ স্বাভাবিক ছিলেন এবং কিছুক্ষণ পর্যবেক্ষণে রাখার পর তাকে নিজের কেবিনে স্থানান্তর করা হয়েছে।
সিএনএন জানিয়েছে, নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার সময় পোপের ফুসফুসে একটি অস্বাভাবিক গুটি ধরা পড়ে। যদিও তার শরীরে কোনো অসুস্থতার লক্ষণ ছিল না, তবে চিকিৎসকদের পরামর্শে তিনি অস্ত্রোপচারের সিদ্ধান্ত নেন। অস্ত্রোপচারের পর অপসারণ করা টিস্যু পরীক্ষায় ফুসফুসের ক্যানসারের একটি সাধারণ ধরন ‘পালমোনারি অ্যাডেনোকার সিনোমা’ শনাক্ত হয়। ক্যানসারের সব কোষ নির্মূল করতেই ফুসফুসের ওই অংশ পুরোপুরি বাদ দেওয়া হয়েছে। তবে রোগটি শরীরের অন্য কোথাও বা লসিকাগ্রন্থিতে ছড়িয়েছে কি না, তা জানতে আরও পরীক্ষা -নিরীক্ষা চলছে।
সুস্থ হয়ে উঠতে পোপকে প্রায় এক সপ্তাহ হাসপাতালে কাটাতে হতে পারে। ভ্যাটিকান জানিয়েছে, আগামী ২০ অক্টোবর পর্যন্ত পোপের পূর্বনির্ধারিত সব প্রকাশ্য কর্মসূচি বাতিল করা হয়েছে। আগামী নভেম্বরে তার উরুগুয়ে, আর্জেন্টিনা ও পেরু সফরের কথা থাকলেও, বর্তমান পরিস্থিতিতে সেই সফর নির্ভর করছে তার সুস্থতার গতির ওপর। পোপের অস্ত্রোপচারের খবরে বিশ্বজুড়ে ক্যাথলিক সম্প্রদায়ের মধ্যে উদ্বেগ দেখা দিলেও, হাসপাতালে যাওয়ার সময় ভক্তদের উদ্দেশ্যে হাত নেড়ে তিনি তার মনোবল প্রকাশ করেছেন।
উল্লেখ্য, ১৯৫৫ সালে যুক্তরাষ্ট্রের শিকাগোতে জন্মগ্রহণ করা পোপ চতুর্দশ লিও (রবার্ট প্রেভোস্ট) ২০২৫ সালের মে মাসে ক্যাথলিক চার্চের প্রধান নির্বাচিত হন। পোপ ফ্রান্সিসের উত্তরসূরি হিসেবে দায়িত্ব নেওয়া এই ধর্মগুরুর এর আগে গুরুতর কোনো স্বাস্থ্য সমস্যার ইতিহাস ছিল না। পোপ হাসপাতালে থাকলেও ভ্যাটিকানের দৈনন্দিন কার্যক্রম চলবে বলে জানানো হয়েছে।




