দুই দিনে কেরাণীগঞ্জ কারাগারে দুই হাজতির মৃত্যু
প্রকাশিত হয়েছে : ৬:২৭:১৮,অপরাহ্ন ০৮ নভেম্বর ২০২৬ | সংবাদটি ২ বার পঠিত
পরপর দুই দিনে ঢাকার কেরাণীগঞ্জ কেন্দ্রীয় কারাগারের দুই হাজতির মৃত্যু হয়েছে। কারারক্ষীদের ভাষ্য, তাঁরা হঠাৎ অসুস্থ হয়ে পড়েছিলেন।
শনিবার দুপুরে ও রোববার সকালে অসুস্থ হয়ে পড়া এই দুই হাজতিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
মৃত ব্যক্তিরা হলেন—সোহাগ (৩৯) ও শামীম (৩২)।
বংশাল এলাকার ভাসমান বাসিন্দা সোহাগের বাবার নাম রফিকুল ইসলাম। আর শামীম ঢাকার ধামরাই থানার ইন্দিরা গ্রামের মৃত আব্দুল কাদেরের ছেলে।
সোহাগকে হাসপাতালে নিয়ে আসা কারারক্ষী আরিফ বলেন, রোববার সকাল সাড়ে ৬টার দিকে কেন্দ্রীয় কারাগারের ভেতরে হঠাৎ গুরুতর অসুস্থ হয়ে পড়েন হাজতি সোহাগ। পরে কারা কর্তৃপক্ষের নির্দেশে তিনি ওই হাজতিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেন। সেখানে পরীক্ষা-নিরীক্ষার পর সকাল ৮টার দিকে তাঁকে মৃত ঘোষণা করেন চিকিৎসক।
সোহাগ কোন মামলায় কারাবন্দি ছিলেন, তা বলতে পারেননি তিনি।
এদিকে শনিবার দুপুরের দিকে হাজতি শামীম হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। কারা কর্তৃপক্ষের নির্দেশে কারারক্ষী রায়হান তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেন।
ঘটনার বর্ণনায় কারারক্ষী রায়হান বলেন, কারাগারের ভেতরে হঠাৎ বুকে ব্যথা উঠে শামীম অচেতন হয়ে পড়েন।
“পরে অচেতন অবস্থায় আমি তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে এখানকার কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।”
শামীম কোন মামলায় কারাবন্দি ছিলেন, তা বলতে পারেননি কারারক্ষী রায়হান।
ঢাকা মেডিকেল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক হাবিবুর রহমান বলেন, মৃত দুই হাজতির মরদেহ ময়নাতদন্তের জন্য ঢামেক মর্গে রাখা হয়েছে। বিষয়টি কারা কর্তৃপক্ষকে অবগত করা হয়েছে। মৃত্যুর কারণ জানতে তাঁদের ময়নাতদন্ত হবে।




