চিত্রনায়িকা মেঘলা মুক্তার বাবা নিখোঁজ, সন্ধান চেয়ে আবেগঘন পোস্ট
প্রকাশিত হয়েছে : ২:১৩:১২,অপরাহ্ন ১০ নভেম্বর ২০২৬ | সংবাদটি ৩ বার পঠিত
বাংলাদেশের পাশাপাশি তেলেগু চলচ্চিত্রে অভিনয় করে পরিচিতি পাওয়া চিত্রনায়িকা মেঘলা মুক্তার বাবা নিখোঁজ হয়েছেন। সোমবার (৯ নভেম্বর) রাত থেকে তাঁর কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না। অসুস্থ বাবার সন্ধানে রাতভর রাস্তাঘাট ও হাসপাতালসহ সম্ভাব্য সব জায়গায় খোঁজাখুঁজি করেও কোনো হদিস না পেয়ে চরম উৎকণ্ঠায় সময় পার করছে অভিনেত্রীর পরিবার। এ ঘটনায় রাজধানীর উত্তরখান থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।
মেঘলা মুক্তা জানান, রাজধানীর উত্তরখানে তাঁদের একটি নিজস্ব জায়গায় নির্মাণকাজ চলছে। প্রতিদিনের মতো সোমবারও সেই কাজ তদারকি করতে গিয়েছিলেন তাঁর বাবা। কাজ শেষে রাত আটটার দিকে তিনি বসুন্ধরা আবাসিক এলাকার বাসার উদ্দেশে রওনা হন। রাত ৮টা ৫০ মিনিটে মেয়ের সঙ্গে তাঁর শেষবার কথা হয়। এরপর থেকেই তাঁর মুঠোফোনটি বন্ধ পাওয়া যাচ্ছে।
মেঘলা বলেন, “প্রথমে ভেবেছিলাম বাবার ফোনের চার্জ হয়তো শেষ হয়ে গেছে। কিন্তু অনেক রাত হয়ে যাওয়ার পরও তিনি বাসায় না ফেরায় আমরা খোঁজাখুঁজি শুরু করি। সারা রাত উত্তরখান থেকে বসুন্ধরা আসার রাস্তার দুই পাশে তন্ন তন্ন করে খুঁজেছি।” বাবার অসুস্থতার কারণে দুশ্চিন্তা আরও প্রবল হওয়ায় রাতেই উত্তরার আশপাশের সব হাসপাতাল এবং কুর্মিটোলা হাসপাতালেও খোঁজ নেয় পরিবার। কিন্তু কোথাও তাঁর কোনো সন্ধান না মেলায় অবশেষে উত্তরখান থানায় জিডি করা হয়।
উপায়ান্তর না দেখে মঙ্গলবার (১০ নভেম্বর) রাত ৩টা ১৮ মিনিটে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে বাবার সঙ্গে তোলা কয়েকটি ছবি শেয়ার করে একটি পোস্ট দেন মেঘলা মুক্তা। সেখানে তিনি সবার সহযোগিতা কামনা করে লেখেন, “সবচেয়ে উদ্বেগের বিষয় হলো, আমার বাবা ভীষণ অসুস্থ। তাঁর শারীরিক অবস্থা নিয়ে আমরা অত্যন্ত চিন্তিত।” কেউ তাঁকে দেখে থাকলে বা সামান্য কোনো তথ্য জেনে থাকলে দ্রুত যোগাযোগের অনুরোধ জানিয়ে তিনি লেখেন, “আল্লাহ যেন আমার বাবাকে সুস্থ ও নিরাপদে আমাদের মাঝে ফিরিয়ে দেন। আমিন।”
উল্লেখ্য, মাত্র কয়েকমাস আগে গত ২৮ জুলাই বনানীতে এক ভয়াবহ সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হয়ে দীর্ঘদিন আইসিইউতে চিকিৎসাধীন ছিলেন মেঘলা মুক্তা। গত ২৩ অক্টোবর এক সাক্ষাৎকারে তিনি জানিয়েছিলেন, তাঁর ওই দুর্ঘটনার আইনি লড়াই ও মামলার কার্যক্রম চালাতে গিয়ে বয়স্ক ও অসুস্থ বাবাকে বারবার আদালতে ছুটতে হচ্ছে। বাবার এই ছোটাছুটি ও শারীরিক অবস্থা নিয়ে তখন বেশ উদ্বেগ প্রকাশ করেছিলেন অভিনেত্রী, আর এর মধ্যেই এবার বাবাকে হারানোর শঙ্কায় পড়ল পরিবারটি।
মেঘলা মুক্তা তেলেগু ছবি ‘সাকালা কালা ভাল্লাভুডু’ দিয়ে বেশ আলোচনায় আসেন। এ ছাড়া ঢালিউডে তাঁর অভিনীত সিনেমাগুলোর মধ্যে ‘পায়ের ছাপ’, ‘কাঠগোলাপ’ ও ‘আগুনের পাখি’ উল্লেখযোগ্য।




