ভারতের কাছে হেরে সেমিতে বাংলাদেশর প্রতিপক্ষ নেপাল
প্রকাশিত হয়েছে : ১০:২৮:৫৭,অপরাহ্ন ৩১ মে ২০২৬ | সংবাদটি ১ বার পঠিত
কিক অফের একটু পরই আচমকা সুযোগ এলো আনিকা রানিয়া সিদ্দিকীর সামনে। কিন্তু গোলকিপার বরাবর শট নিয়ে সেই সুযোগ কাজে লাগাতে পারেননি তিনি। এরপর সময় যত গড়িয়েছে, বাংলাদেশের আধিপত্য তত কমেছে। প্রথমার্ধে কোহাতি কিসকুর ভুলের সুযোগে এগিয়ে যায় ভারত। দ্বিতীয়ার্ধে সুরমা জান্নাতের ঝুঁকিপূর্ণ চার্জে পাওয়া পেনাল্টি থেকেও গোল করে স্বাগতিকরা। শেষ পর্যন্ত ৩-০ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে ভারত।
গোয়ার পণ্ডিত জওহরলাল নেহেরু স্টেডিয়ামে রোববার সাফ নারী চ্যাম্পিয়নশিপের ‘বি’ গ্রুপের সেরা হওয়ার লড়াইয়ে ভারতের বিপক্ষে ৩-০ গোলে হেরেছে বাংলাদেশ।
একটি জয় থেকে পাওয়া ৩ পয়েন্ট নিয়ে গ্রুপ রানারআপ হয়েছে পিটার জেমস বাটলারের দল।
দিনের অন্য ম্যাচে একই মাঠে শ্রীলঙ্কাকে ২-০ গোলে হারিয়ে ‘এ’ গ্রুপের সেরা হয়ে সেমিফাইনালে উঠেছে নেপাল। অন্যদিকে ‘এ’ গ্রুপের রানারআপ হয়ে শেষ চারে জায়গা করে নিয়েছে ভুটান।
ফাইনালে ওঠার লড়াইয়ে আগামী মঙ্গলবার ভারত মুখোমুখি হবে ভুটানের। অন্য সেমিফাইনালে বাংলাদেশের প্রতিপক্ষ নেপাল।
মালদ্বীপকে ১১-০ গোলে হারিয়ে ‘বি’ গ্রুপে যাত্রা শুরু করেছিল প্রতিযোগিতার রেকর্ড পাঁচবারের চ্যাম্পিয়ন ভারত। অন্যদিকে মালদ্বীপের বিপক্ষে ৪-২ ব্যবধানে জয় পেয়েছিল বাংলাদেশ।
গ্রুপ সেরা হতে ভারতের বিপক্ষে জয় ছাড়া অন্য কোনো বিকল্প ছিল না বাংলাদেশের সামনে। তবে সেই সমীকরণ মেলাতে পারেননি মারিয়া মান্ডা, আনিকা রানিয়া সিদ্দিকী ও সতীর্থরা।




