চট্টগ্রামে আনোয়ারায় ঘরে ঢুকে মা–মেয়েকে কুপিয়ে হত্যা
প্রকাশিত হয়েছে : ১:০২:৩৪,অপরাহ্ন ১৪ জুন ২০২৬ | সংবাদটি ৪ বার পঠিত
চট্টগ্রামের আনোয়ারার এক বাড়িতে ঢুকে মা ও মেয়েকে কুপিয়ে হত্যা করেছে অজ্ঞাত পরিচয় ব্যক্তিরা।
শনিবার রাতে পরৈকোড়া ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডে এ হত্যাকাণ্ড ঘটে বলে জানিয়েছে পুলিশ।
নিহতরা হলেন- পূর্ব কন্যারা গ্রামের চেনামতি বড়ুয়া পাড়ার সুজন বড়ুয়ার স্ত্রী এনি বড়ুয়া (৪০) এবং তার মেয়ে প্রিয়ন্তী বড়ুয়া (১৬)।
চট্টগ্রাম জেলার সহকারী পুলিশ সুপার (আনোয়ারা সার্কেল) মাহমুদুল হাসান গণমাধ্যমকে বলেন, “রাতে অজ্ঞাত পরিচয় ব্যক্তিরা ঘরে ঢুকে এনি বড়ুয়া ও তার মেয়ে প্রিয়ন্তীকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করে। খবর পেয়ে পুলিশ গিয়ে মা-মেয়ের রক্তাক্ত মৃতদেহ উদ্ধার করে।”
হামলায় এনি বড়ুয়ার পাঁচ বছর বয়সী ছেলেও জখম হয়েছে। তবে তার অবস্থা গুরুতর নয় বলে সহকারী পুলিশ সুপার জানান।
তিনি বলেন, ‘‘এনি বড়ুয়ার স্বামী সুজন বড়ুয়া চট্টগ্রাম শহরে নিরাপত্তাকর্মীর কাজ করেন। এনি তার ছেলেমেয়েকে নিয়ে আনোয়ারার বাড়িতে থাকতেন।’’
“প্রাথমিকভাবে আমরা জেনেছি, বিভিন্ন বিষয় নিয়ে এক নিকটাত্মীয়র সঙ্গে এনির পরিবারের ঝামেলা চলছিল। সেই বিরোধের জেরে তাদের হত্যা করা হয়েছে বলে তাদের অন্য স্বজনদের সন্দেহ।”
সহকারী পুলিশ সুপার মাহমুদুল বলেন, পুলিশ এ বিষয়ে তদন্ত শুরু করেছে, সন্দেহভাজনকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।




