‘অগ্রযাত্রা প্রতিদিন’ এর সম্পাদক মেহেদী হাসান গ্রেপ্তার
প্রকাশিত হয়েছে : ১০:৪০:০৪,অপরাহ্ন ১৯ জুন ২০২৬ | সংবাদটি ১ বার পঠিত
স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলমের মানহানির অভিযোগে দায়ের করা মামলায় দৈনিক ‘অগ্রযাত্রা প্রতিদিন’ এর সম্পাদক মেহেদী হাসানকে গ্রেপ্তার করেছে পুলিশ। তার বিরুদ্ধে প্রতিমন্ত্রীর সম্পর্কে ভুয়া, বিভ্রান্তিকর ও মানহানিকর তথ্য প্রচারের অভিযোগ আনা হয়েছে।
শুক্রবার (১৯ জুন) গাজীপুরের গাছা থানা এলাকা থেকে মেহেদী হাসানকে গ্রেপ্তার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন গাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ওয়াহিদুজ্জামান।
এর আগে গত রোববার (১৫ জুন) বগুড়ার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সদর আমলী আদালতে বগুড়া প্রেসক্লাবের কোষাধ্যক্ষ তানভীর আলম বাদী হয়ে মামলাটি দায়ের করেন।
শুনানি শেষে আদালত মেহেদী হাসানসহ অভিযুক্তদের বিরুদ্ধে আনা অভিযোগ আমলে নিয়ে মামলাটি এজাহার হিসেবে গ্রহণের নির্দেশ দেন। পাশাপাশি প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট থানাকে নির্দেশ দেওয়া হয়।
বাদীপক্ষের আইনজীবী অ্যাডভোকেট আবদুল ওহাব বিষয়টি নিশ্চিত করেছেন। শুনানিতে অ্যাডভোকেট শাহাদাত হোসেন শহলসহ আরও ১৪ থেকে ১৫ জন আইনজীবী উপস্থিত ছিলেন বলে জানা গেছে।
মামলায় বাংলাদেশ দণ্ডবিধির ৫০০, ৫০১, ৫০৪ ও ১০৯ ধারায় অপরাধ সংঘটনের অভিযোগ আনা হয়েছে।
মামলার অন্য অভিযুক্তরা হলেন দৈনিক ‘অগ্রযাত্রা প্রতিদিন’-এর বার্তা সম্পাদক আশরাফ আলী ফারুকী, প্রতিবেদক সালেহ কায়সার এবং বগুড়া প্রতিনিধি শামস।
মামলার আবেদনে বলা হয়, অভিযুক্তরা পরিকল্পিতভাবে মিথ্যা, বানোয়াট ও বিভ্রান্তিকর তথ্য প্রকাশ ও প্রচার করে বাদী এবং প্রতিমন্ত্রী মীর শাহে আলমের ব্যক্তিগত, সামাজিক ও রাজনৈতিক সুনাম ক্ষুণ্ন করার চেষ্টা করেছেন। তবে এ বিষয়ে অভিযুক্তদের বক্তব্য তাৎক্ষণিকভাবে জানা যায়নি।




