কুয়ালালামপুরে প্রধানমন্ত্রীকে লাল গালিচা সংবর্ধনা
প্রকাশিত হয়েছে : ৮:১৬:২৬,অপরাহ্ন ২১ জুন ২০২৬ | সংবাদটি ১ বার পঠিত
দুই দিনের সফরে মালয়েশিয়ার রাজধানী কুয়ালা লামপুরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
স্থানীয় সময় রোববার (২১ জুন) রাত পৌনে ৯টায় কুয়ালা লামপুর আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায় সরকারপ্রধানকে বহনকারী বিমান বাংলাদেশের বিশেষ ফ্লাইট।
বিমানবন্দরের ভিআইপি টার্মিনাল বুঙ্গা রায়া কমপ্লেক্সে প্রধানমন্ত্রী তারেক রহমান ও তার সহধর্মিনী জুবাইদা রহমানকে স্বাগত জানান মালয়েশিয়ার ধর্মমন্ত্রী জুলকিফলি হাসান ও তার সহধর্মিণী হানানি হারুন।
এসময় প্রধানমন্ত্রী তারেক রহমান ও তার সহধর্মিণীকে দেওয়া হয় লাল গালিচা সংবর্ধনা। সুসজ্জিত বাহিনীর গার্ড অব অনারের সময়ে দুই দেশের জাতীয় সংগীত বাজানো হয়।
পরে সরকারপ্রধানকে বিমানবন্দর থেকে বিশেষ মোটর শোভাযাত্রা সহকারে কুয়ালা লামপুরের ‘শাংগ্রি- লা’ হোটেলে নিয়ে যাওয়া হয়। সেখানেই তিনি ও তার সফরসঙ্গীরা থাকবেন।
প্রথম বিদেশ সফর হিসেবে মালয়েশিয়ায় আসা বাংলাদেশের প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে কুয়ালা লামপুর আন্তর্জাতিক বিমানবন্দর থেকে শাংগ্রি-লা হোটেল পর্যন্ত ৫০ মিনিটের সড়কপথ বাংলাদেশ ও মালয়েশিয়ার জাতীয় পতাকায় সজ্জিত করা হয়েছে।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ১৭ ফেব্রুয়ারি সরকারপ্রধানের দায়িত্ব নেওয়ার পর মালয়েশিয়ায় এটা তার প্রথম সফর।
প্রধানমন্ত্রীর সফরসঙ্গীদের মধ্যে আছেন- পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী, প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান বিষয়ক উপদেষ্টা মাহ্দী আমিন, প্রতিরক্ষা বিষয়ক উপদেষ্টা এ কে এম শামসুল ইসলাম, জ্বালানি ও বিদ্যুৎ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এ বি এম আবদুস সাত্তার, পররাষ্ট্র সচিব আসাদ আলম সিয়াম, প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমনসহ ২৩ জন।
ত্রয়োদশ সংসদ নির্বাচনে জয়ের পর তারেক রহমানের সরকার গঠনের পরপরই তাকে মালয়েশিয়া সফরের আমন্ত্রণ জানান দেশটির প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম। সেই আমন্ত্রণেই বাংলাদেশের প্রধানমন্ত্রী প্রথম সফরে এলেন।
তারেক রহমানকে সোমবার সকালে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম পুত্রাজায়ায় তার কার্যালয়ে আনুষ্ঠানিক সংবর্ধনা দেবেন।
সেখানে দুই দেশের প্রধানমন্ত্রীর মধ্যে প্রথমে একান্ত বৈঠক এবং এর পরপরই উভয় দেশের সরকার প্রধানের নেতৃত্বে উচ্চ পর্যায়ের প্রতিনিধি দলের দ্বিপক্ষীয় বৈঠক হবে। পরে দুই সরকারপ্রধান যৌথ সংবাদ সম্মেলন করবেন।
এ সফরে মালয়েশিয়ার সঙ্গে সাংস্কৃতিক বিনিময় আর মুক্ত বাণিজ্য চুক্তি (এফটিএ) নিয়ে দুটি দলিল সইয়ের সম্ভাবনা রয়েছে।




