বিশ্বকাপকে কেন্দ্র করে নাটক ‘আমাদের বিশ্বকাপ’
প্রকাশিত হয়েছে : ৭:২৭:১০,অপরাহ্ন ০১ জুলাই ২০২৬ | সংবাদটি ২ বার পঠিত
ফুটবল বিশ্বকাপকে কেন্দ্র করে দুই প্রতিদ্বন্দ্বী আর্জেন্টিনা ও ব্রাজিল সমর্থকদের আবেগ, খুনসুটি আর দ্বন্দ্ব নিয়ে নির্মিত হয়েছে বিশেষ নাটক৷
নাটকের নাম ‘আমাদের বিশ্বকাপ’। খেলা নিয়ে মাঠের লড়াইয়ের বাইরের এক সামাজিক ও পারিবারিক আবহ তুলে ধরা হয়েছে নাটকে।
নাটকে দুই দলের সমর্থকদের তর্ক-বিতর্ক, খুনসুটি এবং একে অন্যকে খোঁচা দেওয়ার প্রবণতা তুলে ধরেছেন পরিচালক। তবে শেষ পর্যন্ত গল্পটি মনে করিয়ে দেয় খেলাধুলা জীবনের একটি অংশ হলেও মানুষের সম্পর্ক ও জীবনের মূল্য তার চেয়েও অনেক বেশি।
নাটকটি নিয়ে পরিচালক মহিদুল মহিম বলেন, “বিশ্বকাপ এলেই বিভিন্ন পরিবারে কিংবা এলাকায় আর্জেন্টিনা-ব্রাজিল সমর্থকদের মধ্যে যে মজার লড়াই শুরু হয়, সেটাই গল্পে তুলে ধরেছি। তবে শেষ প্রান্তে আমরা দেখিয়েছি, খেলার চেয়ে সম্পর্ক ও জীবন অনেক বড়।”
পুরান ঢাকার বিভিন্ন লোকেশন এবং উত্তরার একটি বাড়িতে ‘আমাদের বিশ্বকাপ’ এর দৃশ্যধারণ হয়েছে। অভিনয়ের সময় শিল্পীরা ব্যবহার করেছেন আর্জেন্টিনা ও ব্রাজিলের জার্সি, পতাকা, জার্সির রঙের শাড়ি, লুঙ্গিসহ নানান অনুষঙ্গ।
শুটিংয়ের অভিজ্ঞতা নিয়ে মহিদুল মহিম বলছিলেন, “সবচেয়ে মজার বিষয় ছিল, বাস্তবে যারা আর্জেন্টিনার সমর্থক, গল্পের প্রয়োজনে তাদের সমর্থক হতে হয়েছে ব্রাজিলের। আবার ব্রাজিলের সমর্থকদেরও আর্জেন্টিনার সমর্থকের চরিত্রে অভিনয় করতে হয়েছে। ফলে তাদের মধ্যে তৈরি হয়েছিল দারুণ হাস্যরসাত্মক মনোভাব।”
বিশ্বকাপের আমেজে নাটকটি দর্শকের ভালো লাগবে বলে আশা প্রকাশ করেন নির্মাতা।
নাটকে অভিনয় করেছেন ইরফান সাজ্জাদ, সুনেরাহ বিনতে কামাল, দীপা খন্দকার, মনিরা আক্তার মিঠু, সাইদুর রহমান পাভেল, নাদের চৌধুরী ও জীবনসহ অনেকে।
বৃহস্পতিবার সন্ধ্যায় জাগো এন্টারটেইনমেন্টের ইউটিউব চ্যানেলে মুক্তি পাবে ‘আমাদের বিশ্বকাপ’।




