বালোগনের লাল কার্ড দেখানোকে কেন্দ্র করে ইনফান্তিনোকে ফোন করার কথা স্বীকার ট্রাম্পের
প্রকাশিত হয়েছে : ১০:২৮:৩০,অপরাহ্ন ০৬ জুলাই ২০২৬ | সংবাদটি ১ বার পঠিত
যুক্তরাষ্ট্রের ফরোয়ার্ড ফোলারাইন বালোগনের লাল কার্ডের নিষেধাজ্ঞা স্থগিত নিয়ে চারিদিকে যখন সমালোচনার ঝড় বইছে, তখন দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানালেন, তিনি সত্যিই ফিফাকে সিদ্ধান্তটি আবার পর্যালোচনা করার জন্য বলেছিলেন।
শেষ বত্রিশে বসনিয়া ও হার্জেগোভিনার বিপক্ষে ২-০ গোলে জয়ের ম্যাচে লাল কার্ড দেখেন বালোগন। ৬৪তম মিনিটে প্রতিপক্ষের তারিক মুহারেমোচকে ফাউল করে বহিষ্কার হন ২৫ বছর বয়সী ফুটবলার।
ওই লাল কার্ডে স্বয়ংক্রিয়ভাবে এক ম্যাচের নিষেধাজ্ঞা কার্যকর হওয়ায়, ৭ জুলাই ৬টায় (এএম) শেষ ষোলোর ম্যাচে বেলজিয়ামের বিপক্ষে খেলতে পারতেন না বালোগন। রোববার সেই নিষেধাজ্ঞা স্থগিত করে ফিফা।
শুরুতে নিউ ইয়র্ক টাইমসসহ বিভিন্ন সংবাদ মাধ্যমের খবরে বলা হয়, বালোগনের ‘নিষেধাজ্ঞা বাতিল’ করার জন্য ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিকোকে ফোন করেছিলেন ট্রাম্প। এরপরই, রোববার ফিফা এক বিবৃতিতে চলতি বিশ্বকাপে এখন পর্যন্ত তিনটি গোল করা ওই ফুটবলারের এক ম্যাচের নিষেধাজ্ঞা এক বছরের জন্য স্থগিত করে।
এ বিষয়ে নানারকম জল্পনা-কল্পনা ও তীব্র সমালোচনার মাঝে সোমবার ওভাল অফিসে সাংবাদিকদের ওই ঘটনায় নিজের ভূমিকার কথা স্বীকার করে নেন ট্রাম্প।
“আমি কেবল (নিষেধাজ্ঞার সিদ্ধান্তটি) পুনর্বিবেচনার জন্য বলেছিলাম, কারণ আমার মনে হয়নি যে ওটা ফাউল ছিল।”
এর আগে, বালোগনের নিষেধাজ্ঞা স্থগিত হওয়ার পরপরই, ইনফান্তিনোর বন্ধু ট্রাম্প ট্রুথ সোশ্যালে ফিফাকে ধন্যবাদ জানিয়ে করা এক পোস্টে লেখেন, “সঠিক কাজটি করার জন্য এবং বড় একটি অবিচার সংশোধন করার জন্য ফিফাকে ধন্যবাদ! প্রেসিডেন্ট ডনাল্ড জে. ট্রাম্প।”
কোয়ার্টার ফাইনালে ওঠার লড়াইয়ে ৭ জুলাই ৬টায় (এএম) বেলজিয়ামের মুখোমুখি হবে যুক্তরাষ্ট্র।




