‘আমির খান বারবার বিয়ে করবেন’, কেন বলেছিলেন সালমান
প্রকাশিত হয়েছে : ১১:০৬:১০,অপরাহ্ন ০৬ জুলাই ২০২৬ | সংবাদটি ১ বার পঠিত
আমির খান এতটাই ‘পারফেকশনিস্ট’ যে বিয়েকে একেবারে নিখুঁত করতে না পারা পর্যন্ত তিনি বারবার বিয়ে করে যাবেন। কপিল শর্মার এক প্রশ্নের জবাবে মজার ছলে এমন কথা বলেছিলেন সালমান খান। খবর এনডিটিভির।
এক অনুষ্ঠানে উপস্থাপক কপিল শর্মা সালমান খানকে জিজ্ঞেস করেছিলেন, ‘আমির স্যার তো সবার সঙ্গে তার গার্লফ্রেন্ডের পরিচয় করিয়ে দিয়েছেন। আপনি তো তার চেয়ে ছয় মাসের ছোট। উনি থামছেন না, আর আপনি বিয়েই করছেন না!’
এর জবাবে সালমান হাস্যরসের সঙ্গে বলেন, ‘দেখো, আমিরের কথা আলাদা। আমির একজন অসাধারণ ব্যক্তিত্ব। পুরো পৃথিবী জানে তিনি একজন পারফেকশনিস্ট। যতদিন না তিনি বিয়েটাকে একেবারে পারফেক্ট করতে পারবেন, ততদিন তিনি বিয়ে করতেই থাকবেন।’
গতকাল রবিবার আমির খান মুম্বাইয়ের বান্দ্রায় নিজের বাসভবনে গৌরী স্প্র্যাটকে বিয়ে করেছেন। এই ঘরোয়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দম্পতির ঘনিষ্ঠ পরিবারের সদস্য ও বন্ধু-বান্ধবরা।
গৌরীর সঙ্গে আমিরের দীর্ঘ ২৫ বছরের পরিচয়। কিন্তু গত দুবছর ধরে গৌরীর সঙ্গে সম্পর্কে যান আমির। বেঙ্গালুরুতে আমিরের বোনের মাধ্যমে এক অনুষ্ঠানে এই সম্পর্কের শুরু। গত বছর আমিরের ৬০ বছরের জন্মদিনে প্রেমিকা গৌরীর সঙ্গে সম্পর্কের কথা ঘোষণা করেন অভিনেতা। অবশেষে একসঙ্গে গাঁঠছড়া বাঁধলেন এই জুটি।




