নেত্রকোণায় ঘরে মিলল যুবকের গলাকাটা লাশ
প্রকাশিত হয়েছে : ১:২০:১৯,অপরাহ্ন ২৬ জুলাই ২০২৬ | সংবাদটি ১ বার পঠিত
নেত্রকোণা সদরে এক যুবকের গলাকাটা লাশ নিজ ঘর থেকে উদ্ধার করেছে পুলিশ। জমি নিয়ে বিরোধের জেরে এই হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে বলে পুলিশের প্রাথমিক ধারণা।
শনিবার রাত ১২টার পর থেকে ভোরের মধ্যে যেকোনো সময়ে এই হত্যাকাণ্ড ঘটে বলে জানিয়েছেন নেত্রকোণা মডেল থানার ওসি আবুল খায়ের।
নিহত যুবক উপজেলার কালিয়ারা গাবরাগাতী ইউনিয়নের দুআনী দুধকুড়া গ্রামের মৃত ইয়াকু্ব আলীর ছেলে মাহফুল মিয়া (৩৫)।
স্থানীয়দের বরাতে ওসি আবুল খায়ের বলেন, শনিবার রাতের খাবার খেয়ে মাহফুল মিয়া নিজ ঘরে ঘুমিয়ে পড়েন। রোববার ভোরে তার মা ঘুম থেকে উঠে ছেলের ঘরের দরজা খোলা দেখতে পান।
তখন লোডশেডিং থাকায় ঘরে ঢুকে টর্চের আলো জ্বালালে মাহফুলকে গলাকাটা ও রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখেন। তার চিৎকার শুনে আশপাশের লোকজন ছুটে আসেন।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহের সুরতহাল প্রস্তুতসহ পরবর্তী আইনগত কার্যক্রম শুরু করেছে।
পরিবারের বরাতে প্রাথমিক ধারণার কথা উল্লেখ করে ওসি বলেন, প্রতিবেশীর সঙ্গে মাহফুলের জমিসংক্রান্ত বিরোধ চলছিল। এর জেরে এ হত্যাকাণ্ড সংঘটিত হয়ে থাকতে পারে। ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে।
হত্যাকাণ্ডের প্রকৃত কারণ উদ্ঘাটন এবং জড়িতদের শনাক্তে পুলিশ কাজ করছে বলেও জানান ওসি।




