ইউক্রেনের ন্যাটো সদস্য হওয়ার সম্ভাবনা নেই: সাবেক সেনাপ্রধান জালুঝনি
প্রকাশিত হয়েছে : ১০:৪৬:১৪,অপরাহ্ন ০৪ আগস্ট ২০২৬ | সংবাদটি ২ বার পঠিত
ইউক্রেনের সাবেক সেনাপ্রধান ও বর্তমানে যুক্তরাজ্যে নিযুক্ত রাষ্ট্রদূত ভ্যালেরি জালুঝনি বলেছেন, ইউক্রেনের ন্যাটোতে যোগ দেওয়ার সম্ভাবনা নেই। খবর দ্য গার্ডিয়ানের।
সোমবার ইউক্রেনীয় কূটনীতিকদের এক বৈঠকে তিনি বলেন, ন্যাটোর সদস্য হওয়ার জন্য যে সামরিক মানদণ্ড প্রয়োজন, তা ইউক্রেন বর্তমানে পূরণ করছে না। জালুঝনি বলেন, তিনি দীর্ঘদিন ধরে ইউক্রেনের সেনাবাহিনীকে ন্যাটোর মান অনুযায়ী গড়ে তোলার চেষ্টা করেছেন, কিন্তু বাস্তবতা হলো দেশটি এখনো সেই পর্যায়ে পৌঁছাতে পারেনি।
তিনি আরও বলেন, বর্তমান সামরিক সক্ষমতা নিয়ে ইউক্রেনের ন্যাটোর মতো একটি জোটে যোগ দেওয়া কঠিন।
ইউক্রেনের সংবিধানে ন্যাটো ও ইউরোপীয় ইউনিয়নে (ইইউ) যোগদানকে কৌশলগত লক্ষ্য হিসেবে উল্লেখ করা আছে। তবে দেশটির সরকারও স্বীকার করেছে, ন্যাটোর সব সদস্য বর্তমানে ইউক্রেনকে জোটে নিতে প্রস্তুত নয়।
এদিকে, যুদ্ধক্ষেত্রে জুলাই মাসে রাশিয়ার অগ্রগতি অনেকটাই কমে গেছে বলে বিশ্লেষণে উঠে এসেছে। গবেষণা সংস্থা ইনস্টিটিউট ফর দ্য স্টাডি অব ওয়ারের তথ্য অনুযায়ী, জুলাইয়ে রাশিয়া ইউক্রেনের মাত্র ৪০ বর্গকিলোমিটারেরও কম এলাকা দখল করতে পেরেছে। এর আগের মাসে এই অগ্রগতি ছিল প্রায় ৩০ বর্গকিলোমিটার।
গত বছরের তুলনায় রাশিয়ার অগ্রগতির গতি অনেক কমেছে। তবে ইউক্রেন রাশিয়ার ভেতরে ও দখলকৃত অঞ্চলে দূরপাল্লার হামলা চালিয়ে যাচ্ছে।
অন্যদিকে, ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি যুক্তরাষ্ট্রে নিযুক্ত দেশটির রাষ্ট্রদূত ওলগা স্টেফানিশিনাকে সরিয়ে দিয়েছেন। ইউক্রেনের সামরিক সহায়তা বাড়ানোর প্রচেষ্টার মধ্যেই এই পরিবর্তন আনা হলো।
এদিকে, রাশিয়ার কর্মকর্তারা দাবি করেছেন, ইউক্রেনের ড্রোন হামলায় কৃষ্ণসাগর উপকূলীয় এলাকায় ১১ জন নিহত হয়েছেন। এর মধ্যে রাশিয়ার ক্রাসনোদার অঞ্চলের একটি পর্যটন এলাকায় তিন শিশুসহ সাতজন নিহত হন। ক্রিমিয়াতেও আরও চারজন নিহত হওয়ার দাবি করেছে মস্কো।
অন্যদিকে, ইউক্রেনের জাপোরিঝঝিয়া শহরে রুশ বিমান হামলায় একজন নিহত ও কয়েকজন আহত হয়েছেন বলে স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে। এছাড়া ক্রিভি রিহ শহরের কাছে রুশ হামলায় আট বছর বয়সী এক শিশুসহ তিনজন নিহত হয়েছেন।




