অ্যাপ স্টোর থেকে টেলিগ্রাম সরাল অ্যাপল
প্রকাশিত হয়েছে : ১১:১৯:৩৩,অপরাহ্ন ০৪ আগস্ট ২০২৬ | সংবাদটি ১ বার পঠিত
শিশু যৌন নির্যাতনসংক্রান্ত কনটেন্টবিষয়ক নীতিমালা লঙ্ঘনের অভিযোগে জনপ্রিয় মেসেজিং অ্যাপ টেলিগ্রাম সাময়িকভাবে অ্যাপ স্টোর থেকে সরিয়ে দিয়েছিল অ্যাপল। পরে সংশ্লিষ্ট কনটেন্ট অপসারণ ও দায়ী ব্যবহারকারীর অ্যাকাউন্ট বন্ধ করার পর অ্যাপটি আবার অ্যাপ স্টোরে ফিরিয়ে আনা হয়।
এক বিবৃতিতে অ্যাপল জানায়, তদন্তে টেলিগ্রামে এমন কিছু কনটেন্ট পাওয়া যায় যা প্রতিষ্ঠানটির শিশু যৌন নির্যাতনসংক্রান্ত কনটেন্ট নিষিদ্ধ করার নীতিমালার পরিপন্থী ছিল। এ কারণে সোমবার রাতে আইফোন ও আইপ্যাডের অ্যাপ স্টোর থেকে অ্যাপটি সাময়িকভাবে সরিয়ে দেওয়া হয়। খবর আনাদোলু এজেন্সি।
অ্যাপল আরও জানায়, টেলিগ্রাম দ্রুত সংশ্লিষ্ট কনটেন্ট মুছে ফেলে এবং তা শেয়ারকারী ব্যবহারকারীকে ব্লক করার পর অ্যাপটি পুনরায় অ্যাপ স্টোরে যুক্ত করা হয়।
এদিকে, সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে টেলিগ্রাম ব্যঙ্গাত্মক ভঙ্গিতে লিখেছে, ‘আমাদের বিলুপ্তির খবর অনেকটাই অতিরঞ্জিত।’




