কেক কেটে ‘শিকারি’-এর সাফল্য উদযাপন করলেন জায়েদ খান
প্রকাশিত হয়েছে : ৭:৪১:৩০,অপরাহ্ন ২৩ আগস্ট ২০২৬ | সংবাদটি ২ বার পঠিত
নতুন মিউজিক ভিডিও ‘শিকারি’ দিয়ে ফের আলোচনায় চিত্রনায়ক জায়েদ খান। বৃহস্পতিবার (২০ আগস্ট) সন্ধ্যায় সামাজিক মাধ্যমে উন্মুক্ত হওয়ার পর মাত্র ৭২ ঘণ্টার ব্যবধানেই গানটি দেখার সংখ্যা ছাড়িয়ে গেছে প্রায় ১০ লাখ বা ১ মিলিয়ন।
ডিজিটাল প্ল্যাটফর্মে এমন দ্রুতগতির সাড়ায় বেশ উচ্ছ্বসিত এই ঢাকাই তারকা। গানটির এই অভাবনীয় সাফল্য উদযাপনে সম্প্রতি সহকর্মীদের নিয়ে কেক কাটেন তিনি।
সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত একটি ভিডিওতে দেখা যায়, ‘শিকারি’র মডেল ইয়াসমিনকে সবার সঙ্গে পরিচয় করিয়ে দিচ্ছেন জায়েদ খান। জানা গেছে, ইয়াসমিন একজন বাংলাদেশি মডেল। দীর্ঘদিন ধরে যুক্তরাষ্ট্রে বসবাস করছেন তিনি। ‘শিকারি’র মাধ্যমে জায়েদ খানের সঙ্গে প্রথমবার কাজ করেছেন এই মডেল।
মিউজিক ভিডিওটির শুরুতেই স্পোর্টস বাইকে চড়ে ভিন্ন লুকে হাজির হন জায়েদ খান। এরপর যুক্তরাষ্ট্রের সমুদ্রসৈকত, উপকূলীয় সড়ক, জাহাজসহ বিভিন্ন মনোরম লোকেশনে দেখা যায় তাকে। নাচ ও অভিনয়ের পাশাপাশি ভিডিওতে রাখা হয়েছে বেশ কিছু বৈচিত্র্যময় দৃশ্য।
‘শিকারি’তে জায়েদ খানের সঙ্গে দেশি-বিদেশি কয়েকজন নারী মডেলও অংশ নিয়েছেন। যুক্তরাষ্ট্রের নিনা, মারিয়ানা, জুলিয়া, কারলা, কামিলা ও মিলানাকেও দেখা গেছে ভিডিওটিতে।
বাংলাদেশি নির্মাতা বদরুদ্দৌজা সাগরের পরিচালনায় নির্মিত হয়েছে ‘শিকারি’। গানটিতে কণ্ঠ দিয়েছেন সজীব ও রিমি। যুক্তরাষ্ট্রের বিভিন্ন মনোরম লোকেশনে এর দৃশ্যধারণ করা হয়েছে।
মুক্তির পর থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে গানটি নিয়ে আলোচনা চলছে। ভিউয়ের পাশাপাশি দর্শকদের নানা প্রতিক্রিয়াও পাচ্ছেন জায়েদ খান। আর সেই সাড়াতেই কেক কেটে ‘শিকারি’র সাফল্য উদযাপন করেছেন এই অভিনেতা।




