রাজস্ব ও আর্থিক সংস্কারে বাংলাদেশের প্রবৃদ্ধি ৫.৭ শতাংশে উন্নীত হতে পারে
প্রকাশিত হয়েছে : ১১:৫৪:৩২,অপরাহ্ন ১৯ নভেম্বর ২০২৬ | সংবাদটি ৩ বার পঠিত
ব্যাপক রাজস্ব ও আর্থিক সংস্কার বাস্তবায়ন, অভ্যন্তরীণ রাজস্ব আয় বৃদ্ধি, অকার্যকর ভর্তুকি হ্রাস এবং সরকারি ব্যয়ের মানোন্নয়নের মাধ্যমে বাংলাদেশ তার বার্ষিক অর্থনৈতিক প্রবৃদ্ধি ৫.৭ শতাংশে উন্নীত করতে পারে। বিশ্বব্যাংকের এক নতুন প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) বিশ্বব্যাংক ও গবেষণা প্রতিষ্ঠান পলিসি রিসার্চ ইনস্টিটিউটের (পিআরআই) যৌথ উদ্যোগে ‘বাংলাদেশ পাবলিক ফাইন্যান্স রিভিউ, ২০২৬’ শীর্ষক এই প্রতিবেদন প্রকাশ করা হয়।
এতে সতর্ক করে বলা হয়েছে, কম রাজস্ব আদায়, ক্রমবর্ধমান সরকারি ব্যয় এবং জ্বালানি খাত থেকে আসা বাড়তি আর্থিক চাপ অবকাঠামো, শিক্ষা, স্বাস্থ্য ও অন্যান্য উন্নয়ন অগ্রাধিকার খাতে বিনিয়োগের ক্ষেত্রে দেশের সক্ষমতাকে সীমিত করে ফেলছে।
প্রতিবেদনে বলা হয়, বাড়তি আর্থিক সক্ষমতা তৈরি, বেসরকারি বিনিয়োগে সহায়তা এবং অধিক ও মানসম্মত কর্মসংস্থান সৃষ্টির জন্য অবিলম্বে এবং সুপরিকল্পিতভাবে ধাপে ধাপে সংস্কার কার্যক্রম পরিচালনা করা প্রয়োজন। ২০৩৪ সালের মধ্যে এক ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়ে তোলার যে উচ্চাকাঙ্ক্ষা সরকারের রয়েছে, তা অর্জনের জন্যও এ ধরনের সংস্কার অপরিহার্য।
প্রতিবেদন অনুযায়ী, ২০২৫ অর্থবছরে বাংলাদেশের কর রাজস্ব ছিল মোট দেশজ উৎপাদনের (জিডিপি) মাত্র ৬.৮ শতাংশ, আর মোট সরকারি রাজস্ব ছিল জিডিপির মাত্র ৮ শতাংশ। সমপর্যায়ের অন্যান্য দেশের তুলনায় এই হার অর্ধেকেরও কম, যার ফলে উন্নয়ন কর্মকাণ্ডে অর্থায়নের জন্য সরকারের হাতে সীমিত সম্পদ অবশিষ্ট থাকছে।
এই পরিস্থিতি সরকারি বিনিয়োগকেও প্রভাবিত করেছে। ২০২২ অর্থবছরে মূলধনি ব্যয় জিডিপির ৪.৯ শতাংশ থাকলেও ২০২৫ অর্থবছরে তা কমে ২.৮ শতাংশে নেমে এসেছে। ২০২৫ অর্থবছরে শিক্ষা খাতে সরকারি ব্যয় ছিল জিডিপির মাত্র ১.৫ শতাংশ, যা সমতুল্য অর্থনীতির দেশগুলোর তুলনায় উল্লেখযোগ্যভাবে কম।
ঋণ পরিশোধের ক্রমবর্ধমান ব্যয় এই চাপকে আরও বাড়িয়ে তুলছে। সুদ পরিশোধ বাবদ ব্যয় ২০১৭ অর্থবছরের জিডিপির ১.৫ শতাংশ থেকে বেড়ে ২০২৬ অর্থবছরে আনুমানিক ২.৬ শতাংশে দাঁড়িয়েছে। প্রতিবেদনে সতর্ক করা হয়েছে, অভ্যন্তরীণ ব্যাংকগুলো থেকে সরকারের বিপুল পরিমাণ ঋণ গ্রহণের ফলে বেসরকারি ব্যবসা ও বিনিয়োগের জন্য ঋণের প্রাপ্যতা কমে যাচ্ছে।
জ্বালানি ভর্তুকিও সরকারি অর্থব্যবস্থার ওপর এক ক্রমবর্ধমান বোঝা হয়ে দাঁড়িয়েছে। বিদ্যুৎ ও গ্যাস খাতে ভর্তুকি ২০১৮ অর্থবছরের জিডিপির ০.৩ শতাংশ থেকে বেড়ে ২০২৫ অর্থবছরে ১.৫ শতাংশে পৌঁছেছে। সাম্প্রতিক সময়ে বিশ্ববাজারে জ্বালানির দাম বৃদ্ধি এই বোঝাকে আরও বাড়িয়ে দিতে পারে।
প্রতিবেদনে দেশের কর্মসংস্থান সংক্রান্ত চ্যালেঞ্জগুলোও তুলে ধরা হয়েছে। কর্মক্ষম প্রতি পাঁচজন নারীর মধ্যে তিনজনই শ্রমবাজারের বাইরে রয়েছেন, আর মোট কর্মীর ৮৪ শতাংশই অনানুষ্ঠানিক খাতে নিয়োজিত। দুর্বল কর্মসংস্থান সৃষ্টির পেছনে দক্ষতা উন্নয়ন, অবকাঠামো এবং নির্ভরযোগ্য জ্বালানি সরবরাহে দীর্ঘদিনের স্বল্প বিনিয়োগকে দায়ী করা হয়েছে, যা বেসরকারি খাতের বিকাশকে বাধাগ্রস্ত করেছে।
এসব চ্যালেঞ্জ মোকাবিলায় বিশ্বব্যাংক কর প্রশাসন আধুনিকীকরণ, রাজস্ব ব্যবস্থাপনায় সুশাসন জোরদার করা এবং কর নীতি প্রণয়ন থেকে কর আদায় কার্যক্রমকে পৃথক করার সুপারিশ করেছে। এ ছাড়া ডিজিটাল কর ব্যবস্থার সমন্বয় এবং একটি একক করদাতা শনাক্তকরণ ব্যবস্থা চালুর পরামর্শও দেওয়া হয়েছে।
কর অব্যাহতি কমানোকে আরেকটি বড় অগ্রাধিকার হিসেবে উল্লেখ করা হয়েছে। প্রতিবেদন অনুযায়ী, ২০২২ অর্থবছরে কর ছাড় বা কর ব্যয়ের পরিমাণ জিডিপির ৬.৯ শতাংশে পৌঁছেছিল, যা প্রায় দেশের মোট কর রাজস্বের সমান। রাজস্ব বাড়াতে এসব অব্যাহতি পর্যালোচনা করা এবং মূল্য সংযোজন কর ও বাণিজ্য শুল্ক সংস্কারের সুপারিশ করা হয়েছে।
জ্বালানি খাতে একটি শক্তিশালী ও অধিকতর স্বাধীন নিয়ন্ত্রক কাঠামোর সহায়তায় উৎপাদন খরচের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ ও নিয়মভিত্তিক মূল্য নির্ধারণ ব্যবস্থার দিকে যাওয়ার আহ্বান জানিয়েছে বিশ্বব্যাংক।
তবে সংস্থাটি জোর দিয়ে বলেছে, জ্বালানির মূল্য সংস্কার যেন দরিদ্র ও ঝুঁকিপূর্ণ পরিবারগুলোর ভোগান্তি না বাড়ায়। ঢালাও ভর্তুকির পরিবর্তে সরকারের উচিত সুনির্দিষ্ট লক্ষ্যভিত্তিক নগদ অর্থ সহায়তা চালু করা এবং সামাজিক সুরক্ষা তথ্যভান্ডার ও ‘ফ্যামিলি কার্ড’ প্ল্যাটফর্মকে শক্তিশালী করা, যাতে প্রকৃত প্রয়োজনীয় মানুষের কাছেই সহায়তা পৌঁছায়।
প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, দেশে দারিদ্র্যের হার ২০২২ সালের ১৮.৭ শতাংশ থেকে বেড়ে ২০২৬ সালে আনুমানিক ২২.৫ শতাংশে দাঁড়িয়েছে। তাই ভর্তুকি সংস্কারের মাধ্যমে ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর সহায়তা কমানো নয়, বরং সামাজিক সুরক্ষা কর্মসূচির কার্যকারিতা বাড়াতে হবে।
পাশাপাশি উন্নত পরিকল্পনা ও বাজেট প্রণয়নের মাধ্যমে সরকারি ব্যয়ের মানোন্নয়ন ঘটানোর সঙ্গে সঙ্গে স্বাস্থ্য, শিক্ষা, সামাজিক সুরক্ষা ও অবকাঠামো খাতে বরাদ্দ বাড়ানোর সুপারিশও করেছে বিশ্বব্যাংক।
সংস্কারে অর্থনৈতিক সম্ভাবনায় বড় ইতিবাচক পরিবর্তন আসতে পারে
সুপারিশকৃত সংস্কারগুলো পুরোপুরি বাস্তবায়িত হলে বাংলাদেশের জন্য এক উচ্চাভিলাষী ইতিবাচক চিত্র তুলে ধরা হয়েছে প্রতিবেদনে। এতে বলা হয়েছে, অভ্যন্তরীণ রাজস্ব ২০২৫ অর্থবছরের জিডিপির ৮ শতাংশ থেকে বেড়ে ২০৩৫ অর্থবছর নাগাদ ১৪.৪ শতাংশে উন্নীত হতে পারে। তবে সীমিত সংস্কারের ক্ষেত্রে একই সময়ে রাজস্ব বাড়তে পারে জিডিপির মাত্র ১০ শতাংশ পর্যন্ত।
সরকারি ব্যয় জিডিপির ১৮ শতাংশ পর্যন্ত বৃদ্ধি পেতে পারে, যা উন্নয়ন অগ্রাধিকার খাতগুলোর জন্য আরও বেশি সম্পদের জোগান দেবে। একই সময়ে আর্থিক ঘাটতি পুরো সময়জুড়ে ৫ শতাংশের নিচে থাকবে এবং ২০৩৫ অর্থবছর নাগাদ তা কমে জিডিপির ৩.৬ শতাংশে নেমে আসতে পারে।
বিশ্বব্যাংক বলছে, অধিক অভ্যন্তরীণ রাজস্ব, সুনির্দিষ্ট লক্ষ্যভিত্তিক ভর্তুকি, আরও দক্ষ সরকারি ব্যয় এবং জ্বালানি মূল্য নির্ধারণে সংস্কার বার্ষিক অর্থনৈতিক প্রবৃদ্ধিকে ৫.৭ শতাংশে উন্নীত করতে সহায়তা করতে পারে।
প্রতিবেদনে যুক্তি দেওয়া হয়েছে, রাজস্ব ও আর্থিক সংস্কারকে কেবল সরকারি ব্যয় কমানোর উপায় হিসেবে দেখা উচিত নয়। বরং উৎপাদনশীল বিনিয়োগের জন্য অধিক সম্পদ সৃষ্টি, জনসেবার মানোন্নয়ন এবং অন্তর্ভুক্তিমূলক অর্থনৈতিক উন্নয়নে সহায়তার মাধ্যমে একে বাংলাদেশের প্রবৃদ্ধি ও কর্মসংস্থান কৌশলের মূল কেন্দ্রে পরিণত করা উচিত।




