‘নির্বাচনে পরাজিত হবে জেনেই পালানোর পাঁয়তারা করছে বিএনপি’
প্রকাশিত হয়েছে : ৪:২৯:৪৭,অপরাহ্ন ০২ জুলাই ২০২৩ | সংবাদটি ১১০ বার পঠিত
আগামী জাতীয় সংসদ নির্বাচনে পরাজিত হবে জেনেই বিএনপি পালিয়ে বেড়ানোর পাঁয়তারা করছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম।
শনিবার (১ জুলাই) সন্ধ্যায় মাদারীপুর সদর উপজেলার কুকরাইলে নিজ বাসভবনে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ ও বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ মাদারীপুর জেলা কমিটির সঙ্গে পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা বিনিময়কালে তিনি এ কথা বলেন।
নাছিম বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ। নির্বাচনকে সামনে রেখে নানা ধরনের ষড়যন্ত্র চালাচ্ছে বিএনপি।
আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক বলেন, বাংলাদেশ জঙ্গিদের অভয়ারণ্য থেকে মুক্তি পেয়েছে, জঙ্গিবাদ আর মাথা উঁচু করে দাঁড়াতে পারে না। সম্পূর্ণ নির্মূল না হলেও অনেকটাই নিয়ন্ত্রণের পথে। এটাই হলো বঙ্গবন্ধুর সোনার বাংলাদেশে শেখ হাসিনার সাহসী নেতৃত্ব। যেখানে জঙ্গিবাদের কোনো জায়গা নেই।
তিনি বলেন, শেখ হাসিনা টানা তিনবার ক্ষমতায় থাকায় দেশ এখন উন্নয়নের রোল মডেল। প্রধানমন্ত্রী শেখ হাসিনার দক্ষ নেতৃত্বে বাংলাদেশ উন্নয়নশীল রাষ্ট্রে পরিণত হয়েছে। ২০২৬ সালে উন্নয়নশীল রাষ্ট্র হিসেবে আন্তর্জাতিকভাবে স্বীকৃতি পাব।
এর আগে হিন্দু বৌদ্ধ ঐক্য পরিষদের নেতারা বাহাউদ্দিন নাছিমকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান।
এসময় উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বাবু কাজল কৃষ্ণ দে, যুগ্ম সাধারণ সম্পাদক ও পৌর মেয়র খালিদ হোসেন ইয়াদ, দপ্তর সম্পাদক গোলাম মাওলা আকন্দ, ঐক্য পরিষদের সভাপতি শ্যামল দে, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট বিমল কুমার বাড়ৈ, পূজা উদযাপন পরিষদের সভাপতি প্রাণতোষ মন্ডল, যুগ্ম সাধারণ সম্পাদক বিশ্বজিৎ নাদিম বৈদ্য, যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট বিদ্যুৎ কান্তি বাড়ৈ, ছাত্রলীগের সাধারণ সম্পাদক বায়েজিদ হাওলাদার প্রমুখ।




