একদিনের ব্যবধানে বিশ্বের উষ্ণতম দিনের নতুন রেকর্ড
প্রকাশিত হয়েছে : ৮:১৯:৫৩,অপরাহ্ন ০৬ জুলাই ২০২৩ | সংবাদটি ১০৭ বার পঠিত
জলবায়ু পরিবর্তন এবং এল নিনোর প্রভাবে চলতি বছর তীব্র গরমের কবলে সারাবিশ্ব। ভারতসহ কিছু কিছু দেশে গরমের তীব্রতায় অসুস্থ হয়ে মারাও যাচ্ছেন অনেকে।
এরই মধ্যে পৃথিবীর ইতিহাসে ‘সবচেয়ে গরম’ দিনের নতুন রেকর্ড তৈরি হয়েছিলো গত সোমবার। সেদিন এদিন বিশ্বের গড় তাপমাত্রা পৌঁছায় ১৭ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াসে। এ তথ্য জানিয়েছিলো যুক্তরাষ্ট্রের আবহাওয়া পূর্বাভাস সংস্থা ন্যাশনাল সেন্টার ফর এনভায়রনমেন্টাল প্রেডিকশন (এনসিইপি)।
তবে এনসিইপি বলছে মাত্র একদিনের ব্যবধানে ভেঙে গেছে সোমবারের ‘সবচেয়ে উষ্ণতম দিনের রেকর্ড’। মঙ্গলবার (৪ জুলাই) বিশ্বের তাপমাত্রা আরও বৃদ্ধি পেয়ে দাঁড়ায় ১৭ দশমিক ১৮ ডিগ্রি সেলসিয়াসে। যা আগের দিনের তুলনায় ০ দশমিক ১৭ ডিগ্রি সেলসিয়াস বেশি।
তবে বিশেষজ্ঞদের হিসেবে, মঙ্গলবারের সর্বোচ্চ তাপমাত্রার নতুন বিশ্বরেকর্ডও আগামী কয়েক দিনের মধ্যেই ভেঙে যেতে পারে। এখন থেকে সামনের দিনগুলোতে বাড়তে থাকবে তাপমাত্রা।
সোমবারের রেকর্ডের আগে বিশ্বে সর্বোচ্চ তাপমাত্রার রেকর্ড ছিলো ২০১৬ সালের আগস্টে। সেদিন সর্বোচ্চ গড় বৈশ্বিক তাপমাত্রা ছিলো ১৬ দশমিক ৯২ ডিগ্রি সেলসিয়াস।
সাম্প্রতিক কয়েক সপ্তাহ যাবত তীব্র গরম পড়েছে যুক্তরাষ্ট্রের দক্ষিণাঞ্চলে। চীনের ওপর দিয়ে বয়ে যাচ্ছে ভয়াবহ তাপ প্রদাহ। এমনকি দেশটির কিছু কিছু অঞ্চলের তাপমাত্রা ৩৫ ডিগ্রি সেলসিয়াসও ছাড়িয়েছে। অপরদিকে উত্তর আফ্রিকার মানুষ তাপমাত্রা ৫০ ডিগ্রি সেলসিয়াসেও পৌঁছাতে দেখেছেন।
এমনকি অ্যান্টার্টিকা, যেখানে বর্তমানে শীতকাল চলছে, সেখানেও অস্বাভাবিক উষ্ণ তাপমাত্রা রেকর্ড করেছেন গবেষকরা।
জার্মানির লাইপজিগ বিশ্ববিদ্যালয়ের বায়ুমণ্ডলীয় বিকিরণের গবেষক ডক্টর কার্স্টেন হোস্টেন বলেন, “হয়তো জুলাই ইতিহাসে সবচেয়ে উষ্ণ হবে। সঙ্গে সর্বকালের সবচেয়ে উষ্ণ মাস হবে।“




