রাজনীতি সহিংস হওয়ার সম্পূর্ণ দায় সরকারের: নুর
প্রকাশিত হয়েছে : ১১:০৮:৩১,অপরাহ্ন ০৬ আগস্ট ২০২৩ | সংবাদটি ১৫৪ বার পঠিত
সামগ্রিকভাবে দেশের অভ্যন্তরীণ রাজনীতি যেভাবে সহিংস হয়ে উঠছে তার সম্পূর্ণ দায় আওয়ামী সরকারের বলে মন্তব্য করেছেন গণঅধিকার পরিষদের একাংশের সভাপতি নুরুল হক নুর।
রোববার রাজধানীর ধানমন্ডিতে গণস্বাস্থ্য কেন্দ্রে হাসপাতাল থেকে বাসায় ফেরা ও চিকিৎসা সংক্রান্ত সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, সরকারকে অনুরোধ করবো দেশে সংঘাত-সহিংসতা উস্কে দিয়ে নৈরাজ্য সৃষ্টি করবেন না। জনগণের গণদাবি অবাধ, সুষ্ঠু নির্বাচনে তত্ত্বাবধায়ক সরকার মেনে নিয়ে সুষ্ঠু নির্বাচন দিন। ছাত্রনেতা বিন ইয়ামিনসহ সকল রাজবন্দীদের মুক্তি ও মিথ্যা মামলা প্রত্যাহার করুন।
তিনি বলেন, অবস্থাদৃষ্টে মনে হচ্ছে সরকার অবৈধভাবে ক্ষমতায় থাকতে প্রশাসনে দুর্বৃত্তায়ন ও বল প্রয়োগের মাধ্যমে ভিন্নমত দমন করে ক্ষমতায় থাকার কৌশল নিয়েছে। তাই জনগণের প্রতি আহ্বান জানাবো, আপনারা রাজপথে নেমে গণআন্দোলন গড়ে তুলে তত্ত্বাবধায়ক সরকারের দাবি মেনে নিতে সরকারকে বাধ্য করুন। জনতার বিজয় হবেই।
গত ২ আগস্ট ঢাকা বিশ্ববিদ্যালয়ে নিজের উপর হামলার প্রসঙ্গে নুর বলেন, ছাত্রলীগের সন্ত্রাসীরা সেদিন যেভাবে চর্তুদিক থেকে ঘিরে চাবির রিং, কলম, স্টীলের চেইনসহ বিভিন্ন অস্ত্র দিয়ে আমাকে উদ্দেশ্যে করে আঘাত করেছে তাতে স্পষ্ট তাদের উদ্দেশ্যে ছিলো আমাকে হত্যা করা।




