দুঃশাসন দিয়ে মুক্তিযুদ্ধের চেতনা প্রতিষ্ঠা করা যাবে না
প্রকাশিত হয়েছে : ১১:০০:০৫,অপরাহ্ন ১৬ আগস্ট ২০২৩ | সংবাদটি ১৩৭ বার পঠিত
বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) নেতারা বলেছেন, মানুষকে ভোটাধিকার থেকে বঞ্চিত, দুঃশাসন কায়েম ও সাম্রাজ্যবাদকে তোষণ করে মুক্তিযুদ্ধের চেতনা প্রতিষ্ঠা করা যাবে না।
তারা বলেন, দেশি-বিদেশি ষড়যন্ত্র উন্মোচন করে সাম্রাজ্যবাদ এবং লুটেরা পুঁজিবাদের বিরুদ্ধে দেশ পরিচালনা করলেই কেবল ৭৫’র হত্যাকাণ্ডের বদলা নেয়া হবে। কারণ সপরিবারে বঙ্গবন্ধু হত্যা ছিলো দেশীয় ও আন্তর্জাতিক ষড়যন্ত্র। এর মধ্যে দিয়ে প্রতিক্রিয়াশীল ক্যু সংগঠিত করা হয়েছিল। ১৫ আগস্ট বঙ্গবন্ধু স্মরণে আয়োজিত আলোচনা সভায় বক্তারা বঙ্গবন্ধু হত্যার ষড়যন্ত্র উন্মোচনে ট্রুথ কমিশন গঠনেরও আহ্বান জানান।
মঙ্গলবার (১৫ আগস্ট) বিকেল ৫টায় রাজধানীর মুক্তি ভবনের মৈত্রী মিলনায়তনে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) সভাপতি কমরেড মোহাম্মদ শাহ আলম। বক্তব্য রাখেন সিপিবির সাধারণ সম্পাদক কমরেড রুহিন হোসেন প্রিন্স, সিপিবির কেন্দ্রীয় কমিটির সদস্য ও সাবেক সভাপতি কমরেড মুজাহিদুল ইসলাম সেলিম, প্রেসিডিয়াম সদস্য কমরেড শামসুজ্জামান সেলিম ও সহকারী সাধারণ সম্পাদক কমরেড মিহির ঘোষ।
নেতারা বঙ্গবন্ধুর স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জ্ঞাপন করে বলেন, সাম্রাজ্যবাদসহ দেশি-বিদেশি প্রতিক্রিয়াশীল মহলের হাতে বঙ্গবন্ধুকে জীবন দিতে হলেও তাঁর অমর কীর্তি অম্লান হয়ে আছে এবং থাকবে। বঙ্গবন্ধুর অমর কীর্তির মধ্যে অন্যতম হলো মহান মুক্তিযুদ্ধের চেতনায় গণতন্ত্র, ধর্মনিরপেক্ষতা, জাতীয়তাবাদ ও সমাজতন্ত্র এই চার নীতির ভিত্তিতে প্রণীত ’৭২-এর সংবিধান।
নেতৃবৃন্দ আরও বলেন, বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের নেপথ্যের দেশি-বিদেশি সকল ষড়যন্ত্র উন্মোচন, ষড়যন্ত্রের সাথে যুক্ত সকলকে বিচারের আওতায় আনতে হবে। বাংলাদেশে ছাড়াও মার্কিন যুক্তরাষ্ট্র, পাকিস্তান, ভারত, রাশিয়াসহ বিভিন্ন দেশের আর্কাইভ থেকে বঙ্গবন্ধু হত্যাকাণ্ড সম্পর্কিত সকল তথ্য-দলিল প্রকাশের জন্য সরকারকে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণে উদ্যোগ নিতে হবে।
সভার শুরুতে বঙ্গবন্ধু ও ১৫ আগস্ট হত্যাকাণ্ডে নিহতদের স্মরণে দাঁড়িয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়।




