হবিগঞ্জে ব্যবসায়ীকে হত্যা: ২৬ বছর পর একজনের ফাঁসি
প্রকাশিত হয়েছে : ১০:১৯:৩৯,অপরাহ্ন ২৪ আগস্ট ২০২৩ | সংবাদটি ১৪৪ বার পঠিত
হবিগঞ্জ সদরে ব্যবসায়ী আব্দুল হাইকে হত্যার ২৬ বছর পর আব্দুল ওয়াহিদ (৬০) নামের একজনকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত।
বৃহস্পতিবার হবিগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ মো. আজিজুল হক আসামির উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন। রাষ্ট্রপক্ষের সহকারী কৌঁসুলি (এপিপি) সালেহ উদ্দিন আহমেদ বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, মামলায় ২০ জনের সাক্ষ্যগ্রহণ শেষে আসামিকে মৃত্যুদণ্ডের পাশাপাশি ১০ লাখ টাকা জরিমানা করা হয়েছে।
রায়ে সন্তোষ প্রকাশ করে আইনজীবী সালেহ উদ্দিন বলেন, রায়ে ন্যায় বিচার পেয়েছেন নিহতের স্বজনরা। এখন দ্রুত রায় কার্যকর করা হোক।
নিহত ব্যবসায়ী আব্দুল হাই চামড়া ব্যবসায়ী ছিলেন। তিনি সদর উপজেলার সুলতানশী গ্রামের প্রয়াত আব্দুল রশিদের ছেলে।
এদিকে মামলা চলাকালীন আব্দুর রশিদ নামের একজন আসামি মারা যাওয়ায় তাকে অব্যাহতি দেয়া হয়েছে। এছাড়া মামলা থেকে খালাস পেয়েছেন আব্দুল গফুর, বাচ্চু মিয়া ও আব্দুল মালেক।
মামলার বরাত দিয়ে এপিপি সালেহ উদ্দিন বলেন, আব্দুল হাইয়ের কাছ থেকে দুই লাখ টাকা ধার নেন আব্দুল ওয়াহিদ ও আব্দুর রশিদ। কিন্তু টাকা দেয়ার নির্ধারিত তারিখ পার হয়ে গেলেও তারা টাকা ফেরত দেয়নি। এ নিয়ে তাদের মধ্যে বেশ কয়েকবার কথা কাটাকাটিও হয়। এক পর্যায়ে ১৯৯৭ সালের ১ জুন পাওনা টাকা চাইতে গেলে প্রতিপক্ষের ছুরিকাঘাতে আব্দুল হাইকে হত্যা করা হয়। ঘটনার পরদিন নিহতের ভাই আব্দুল ছফি বাদী হয়ে হবিগঞ্জ সদর মডেল থানায় একটি হত্যা মামলা করেন।
এদিকে রায়ে অসন্তোষ প্রকাশ করে আসামি পক্ষের আইনজীবী আব্দুল মালেক জানান, এ বিষয়ে উচ্চ আদালতে যাবেন তারা।




