ফটিছড়িতে চাঁদের গাড়ির চাপায় শিক্ষার্থীর মৃত্যু
প্রকাশিত হয়েছে : ১২:৫৮:৩৯,অপরাহ্ন ১৩ নভেম্বর ২০২৩ | সংবাদটি ১২৭ বার পঠিত
চট্টগ্রামের ফটিকছড়িতে বেপরোয়া চাঁদের গাড়ির (জিপ) চাপায় তাইরিন তাবাসসুম তোহা নামে ৯ বছর বয়সী এক শিক্ষার্থী নিহত হয়েছে। সোমবার (১৩ নভেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে ফটিকছড়ি উপজেলার নাজিরহাট পৌরসভার ৩নং ওয়ার্ডের টেকের দোকানের সামনে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় আরও দুই শিক্ষার্থী আহত হয়েছে। নিহত তোহা ওই এলাকার হাফেজ জাহেদুল ইসলামের মেয়ে। সে সুয়াবিল ইসলামিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী।
স্থানীয় সূত্রে জানা গেছে, তোহা সহপাঠীদের সঙ্গে সকালে স্কুলে যাওয়ার সময় টেকের দোকানের সামনে একটি বেপরোয়া চাঁদের গাড়ি তাদের চাপা দেয়। এ সময় তোহা ঘটনাস্থলেই প্রাণ হারায়। এ ঘটনায় আরও দুইজন আহত হয়। তাদের নাজিরহাট স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তোহাকে মৃত ঘোষণা করেন। আহতদের মধ্যে একজনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়। অন্য একজনকে গুরুতর আহত অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। স্থানীয় লোকজন ঘাতক জিপটি আটক করে পুলিশে দিয়েছে।
ফটিকছড়ি উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. আরেফিন আজিম বলেন, নাজিরহাট পৌরসভার টেকের দোকান এলাকায় জিপের চাপায় আহত ৩ জন শিক্ষার্থীকে হাসপাতালে আনা হয়। এসময় তাদের একজনকে মৃত ঘোষণা করা হয়। একজনকে চমেক হাসপাতালে পাঠানো হয়েছে। আরেকজনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে।




