নারী এমপির বাড়ির সামনে বোমা বিস্ফোরণ, এলাকায় আতঙ্ক
প্রকাশিত হয়েছে : ১২:২৬:৫০,অপরাহ্ন ০২ জানুয়ারি ২০২৪ | সংবাদটি ৮৮ বার পঠিত
সংরক্ষিত নারী আসন (কুষ্টিয়া, মেহেরপুর, চুয়াডাঙ্গা) সংসদ সদস্য সৈয়দা রাশিদা বেগমের কুষ্টিয়ার মিরপুরের বাড়ির সামনের মার্কেটের ছাদে হাতবোমা নিক্ষেপ করেছে দুর্বৃত্তরা।
সোমবার (১ জানুয়ারি) সন্ধ্যা ৬টা ২০মিনিটের দিকে এ ঘটনা ঘটে।
বোমা বিস্ফোরণের বিকট আওয়াজে স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। তবে এ ঘটনায় কোন হতাহতের খবর পাওয়া যায়নি।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার সন্ধ্যা ৬টা ২০ মিনিটের দিকে সংরক্ষিত নারী আসনের এমপি সৈয়দা রাশিদা বেগমের কুষ্টিয়ার মিরপুর নতুন বাজার এলাকায় তার ব্যবসা প্রতিষ্ঠান ও বাড়ির সামনের মার্কেটের ছাদে হাতবোমা বিস্ফোরণ ঘটায় দুর্বৃত্তরা।
মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তফা হাবিবউল্লাহ জানান, খবর পেয়ে ঘটনাস্থলে আমরা পরিদর্শন করেছি। কী কারণে এ হামলা এটি এখনো জানা যায়নি। এতে কোনো ক্ষয়ক্ষতি হয়নি। তবে পুলিশ এ বিষয়ে তদন্ত করছে।




