নাশকতার ৯ মামলায় মির্জা ফখরুলের জামিন শুনানি আজ
প্রকাশিত হয়েছে : ৪:৫৯:২০,অপরাহ্ন ০৯ জানুয়ারি ২০২৪ | সংবাদটি ১০৮ বার পঠিত
নাশকতার ৯ মামলায় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের জামিন আবেদনের শুনানি আজ মঙ্গলবার ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে দুপুর ১২টার দিকে এ বিষয়ে শুনানি হবে।
গত ৩১ ডিসেম্বর আদালত শুনানির জন্য এ তারিখ ধার্য করেন। ওইদিন আদালতে মির্জা ফখরুলের পক্ষে তার আইনজীবী সৈয়দ জয়নুল আবেদীন মেজবাহ জামিনের আবেদন করেন। পরে আদালত আসামির উপস্থিতিতে জামিন শুনানির জন্য দিন ধার্য করেন।
গত বছরের ২৮ অক্টোবর বিএনপির মহাসমাবেশকে ঘিরে সংঘর্ষের পর রাজধানীর পল্টন ও রমনা থানায় পুলিশ বাদী হয়ে মোট ১১টি মামলা করে। এসব মামলার ৯টির এজাহারে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নাম রয়েছে।
কিন্তু তাকে প্রধান বিচারপতির বাসভবনে হামলার মামলায় গ্রেপ্তার করা হলেও বাকি মামলাগুলোতে গ্রেপ্তার দেখাচ্ছিল না পুলিশ। এমন পরিস্থিতিতে গত ১৩ নভেম্বর ১০ মামলায় জামিন চেয়ে ঢাকার সিএমএম আদালতে আবেদন করেন মির্জা ফখরুল।




