বিয়ের দুদিন পরই সড়ক দুর্ঘটনায় বরের মৃত্যু
প্রকাশিত হয়েছে : ১১:২১:১৪,অপরাহ্ন ০৫ ফেব্রুয়ারি ২০২৪ | সংবাদটি ১০১ বার পঠিত
শুক্রবার (২ ফেব্রুয়ারি) বিবাহবন্ধনে আবদ্ধ হন রায়হান নওশাত। এপ্রিলের দিকে ঘটা করে বউকে ঘরে তোলার কথা ছিল তার। এ নিয়ে ব্যাপক প্রস্তুতিও ছিল রায়হানের। কিন্তু এসবের কিছুই হলো না। দুইদিন আগে বিয়ে করা রায়হান ঘরে ফিরলেন লাশ হয়ে। বিয়েতে বন্ধুদের সঙ্গে হাসিমুখে তোলা সেই ছবি এখন কাঁদাচ্ছে তার পরিবারসহ পুরো চট্টগ্রামকে।
সোমবার বেলা ১১টায় তার বাড়ি নজুমিয়া হাটে হাজি নজির ফকির বাড়ির ইদগাহ মাঠে জানাজা অনুষ্ঠিত হবে।
নিহত রায়হান নওশাত চট্টগ্রামের হাটহাজারীর বাড়ি নজুমিয়া হাট এলাকার মৃত নাজিম উদ্দীনের ছেলে। তিনি চট্টগ্রামের বেসরকারি পোর্ট সিটি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির সাংবাদিকতা ও গণমাধ্যম অধ্যয়ন বিভাগের প্রথম ব্যাচের ছাত্র ছিলেন। চাকরি করতেন নগরের কাটগড় এলাকার এসএপিএল কনটেইনার ডিপোতে।
চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ নুরুল আলম আশিক জানান, রোববার রাতে এক সহকর্মীকে নিয়ে কর্মস্থল থেকে ফিরছিলেন রায়হান নওশাত। চট্টগ্রাম নগরীর আউটার রিং রোডে পৌঁছালে এ দুর্ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই মারা যান নওশাত। গুরুতর আহত হয়েছেন তার সহকর্মী।
এদিকে, রায়হানের আকস্মিক মৃত্যু মেনে নিতে পারছেন না তার স্বজন-সহপাঠীরা। তার মৃত্যুর এলাকায় নেমে এসেছে শোকের ছায়া।
রায়হানের আকদ ও লাশ ঘরের ছবি পোস্ট করে ইমাম আসিফ নামে একজন সামাজিকযোগাযোগ মাধ্যমে লিখেছেন, ‘Raihan Nowshad ভাই কেন এমন হলো। হাতে মেহেদি দিয়ে সানাই বাজিয়ে ভাবিকে ঘরে তোলার কথা ছিল। আজ আপনি একলা ঘরে নিস্তব্ধ দুনিয়ায় চলে গেলেন।’
মাসুক বাবু লিখেছেন, ‘কত আশা, কত প্ল্যানিং, কত স্বপ্ন! মুহূর্তেই সব শেষ!’
তার সহকর্মী সাকিবুল হক লিখেছেন, ‘মৃত্যু… হাজারো গল্পের সমাপ্তি। পরপারে ভালো থেকো রাইহান। চাকরির সুবাদে পরিচয় কিন্তু ছিলাম বন্ধুর মতো।’




