সাবেক ইসি সচিব হেলালুদ্দীন আহমদ আটক
প্রকাশিত হয়েছে : ১০:৫১:১৮,অপরাহ্ন ২৩ অক্টোবর ২০২৪ | সংবাদটি ১২৮ বার পঠিত
নির্বাচন কমিশনের (ইসি) সাবেক সচিব হেলালুদ্দীন আহমদকে আটক করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফজলুল কাদের চৌধুরী।
বুধবার (২৩ অক্টোবর) সন্ধ্যায় চট্টগ্রাম নগরের খুলশী তুলাতুলী এলাকার একটি বাসা থেকে তাকে আটক করে পুলিশ।
ফজলুল কাদের চৌধুরী বলেন, গোপন তথ্যের ভিত্তিতে খবর পেয়ে হেলালুদ্দীন আহমদকে আটক করা হয়েছে। তিনি থানায় আছেন। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।
প্রসঙ্গত, নির্বাচন কমিশন কার্যালয়ের সচিব পদে নিয়োগ পেয়েছেন ১৯৮৫ ব্যাচের কর্মকর্তা হেলালুদ্দীন আহমদ। ২০২২ সালে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সচিব পদ থেকে অবসরে যান হেলালুদ্দীন আহমদ। চট্টগ্রাম আদালতে ১৮ সেপ্টেম্বর একরামুল করিম নামের এক মুক্তিযোদ্ধা তার নামে একটি মামলা করেন। এ মামলায় হেলালুদ্দীন আহমদ, সাবেক প্রধান নির্বাচন কমিশনার কাজী রকিবউদ্দীন আহমদ, কে এম নূরুল হুদা ও কাজী হাবিবুল আউয়াল, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ বিগত তিনটি জাতীয় সংসদ নির্বাচনে জয়ী সংসদ সদস্যদের আসামি করে প্রতারণা ও রাষ্ট্রদ্রোহের অভিযোগে মামলা হয়েছে।




