কুয়েতে হামলায় চিনুক হেলিকপ্টার ক্ষতিগ্রস্ত: তাসনিম
প্রকাশিত হয়েছে : ৮:২৯:৪১,অপরাহ্ন ০৪ এপ্রিল ২০২৬ | সংবাদটি ৫ বার পঠিত
যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে ইরানের চলমান যুদ্ধে কুয়েতে চালানো এক হামলায় একটি সিএইচ-৪৭ চিনুক হেলিকপ্টার ক্ষতিগ্রস্ত হয়েছে। গতকাল শুক্রবার এ হামলা চালানো হয় বলে ইরানের আধা–সরকারি বার্তা সংস্থা তাসনিম জানিয়েছে।
ক্ষতিগ্রস্ত হেলিকপ্টারটির একাধিক ছবি প্রকাশ করেছে তাসনিম। তাদের দাবি, এই ছবিগুলো সামনে আসায় এখন পুরো ঘটনাটি স্পষ্ট হচ্ছে।
তবে ইরান নাকি দেশটির মিত্র সশস্ত্র গোষ্ঠীগুলোর হামলায় হেলিকপ্টারটি ক্ষতিগ্রস্ত হয়েছে, সে বিষয়ে কিছু বলেনি তাসনিম।
উল্লেখ্য, যুদ্ধ শুরুর পর কুয়েতে মার্কিন অবস্থান লক্ষ্য করে ইরানের পাশাপাশি ইরান–সমর্থিত ইরাকি শিয়া সশস্ত্র গোষ্ঠীগুলোও হামলা চালিয়ে আসছে।
এদিকে শুক্রবার রাতে এক বিবৃতিতে ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি) জানিয়েছেন, তাদের আকাশ প্রতিরক্ষা ইউনিট একদিনে একটি যুদ্ধবিমান এবং পাঁচটি ড্রোন ও ক্রুজ ক্ষেপণাস্ত্র ভূপাতিত করেছে। দিনটিকে মার্কিন ও ইসরায়েলি বিমানবাহিনীর জন্য একটি ‘কালো দিন’ বলে মন্তব্য করেছে আইআরজিসি।




