৮ বছরেও শেষ হয়নি নরসিংদী হাসপাতালের নতুন ভবন, সেবা ব্যাহত
প্রকাশিত হয়েছে : ১০:৫২:৩৫,অপরাহ্ন ০৬ এপ্রিল ২০২৬ | সংবাদটি ৪ বার পঠিত
নরসিংদীর ১০০ শয্যা বিশিষ্ট জেলা হাসপাতালের নতুন ভবনের নির্মাণ কাজ আট বছরেও শেষ হয়নি। স্থানের অভাবে রোগীদের সেবা ব্যাহত হচ্ছে।
অথচ কাজ বাকি রেখেই ভবনটি বুঝে নিতে হাসপাতাল কর্তৃপক্ষকে চিঠি দিয়েছে গণপূর্ত অধিদপ্তর।
রোববার হাসপাতালের তত্ত্বাবধায়ক এ এন এম মিজানুর রহমান বলেন, ‘‘হাসপাতালকে ২৫০ শয্যায় উন্নীতকরণ প্রকল্পের নতুন ভবনের কাজ এখনো শেষ হয়নি। কাজের অগ্রগতি যাচাইয়ে একটি পাঁচ সদস্যের কমিটি গঠন করা হয়েছে। তাদের প্রতিবেদন অনুযায়ী, নির্মাণকাজ চলমান রয়েছে। শতভাগ কাজ সম্পন্ন না হলে ভবনটি বুঝে নেওয়া সম্ভব নয়।’’
প্রকল্পের ঠিকাদারি প্রতিষ্ঠান এমএন হুদা কনস্ট্রাকশন লিমিটেড দাবি করেছে, তারা ২০২২ সালেই ভবনের কাজ সম্পন্ন করে গণপূর্ত অধিদপ্তরকে বুঝিয়ে দিয়েছে। তবে বর্তমানে চলমান কাজ অন্য কোনো ঠিকাদারের মাধ্যমে হচ্ছে বলে জানান প্রতিষ্ঠানটির ব্যবস্থাপক কামাল উদ্দিন।
গণপূর্ত অধিদপ্তরের নরসিংদীর নির্বাহী প্রকৌশলী এ এস এম মুসা বলেন, ‘‘ভবনের প্রায় ৯০ শতাংশ কাজ সম্পন্ন হয়েছে। রং করা, লিফট লাগানোসহ কিছু প্লাস্টারিংয়ের কাজ বাকি রয়েছে। এ ছাড়া ডায়ালাইসিস সেন্টারের কাজ অন্য একটি ঠিকাদারের মাধ্যমে চলমান রয়েছে।’’
হাসপাতালে গিয়ে দেখা যায়, নির্মাণাধীন আটতলা ভবনের বিভিন্ন স্থানে কাজ চলছে। নিচতলায় চারটি লিফটের ব্যবস্থা থাকলেও সেগুলো লাগানো হয়নি। অষ্টম তলায় ডায়ালাইসিস সেন্টার নির্মাণে ইটের গাঁথুনি, প্লাস্টার ও টাইলস বসানোর কাজ করছেন শ্রমিকরা।
নির্মাণ শ্রমিক আমিরুল ইসলাম বলেন, ‘‘এক মাস ধরে তিনি ডায়ালাইসিস ইউনিটে কাজ করছেন। ইটের কাজ শেষ হয়েছে, বর্তমানে প্লাস্টারের কাজ চলছে। এরপর টাইলস বসানো ও রঙের কাজ হবে। তিনি আশা প্রকাশ করেন, এক মাসের মধ্যেই কাজ শেষ হতে পারে।’’
২০১৮ সালে ৪০ কোটি ৩৮ লাখ টাকা ব্যয়ে প্রকল্পটির কাজ শুরু হয়। ১৩ তলা ফাউন্ডেশনের ওপর নির্মাণাধীন ভবনটির বিভিন্ন তলায় জরুরি বিভাগ, আউটডোর, অপারেশন থিয়েটার, আইসিইউ, ওয়ার্ড, প্রশাসনিক কার্যালয় এবং ডায়ালাইসিস সেন্টার স্থাপনের পরিকল্পনা রয়েছে।
প্রকল্পটি এখনো শেষ না হওয়ায় স্বাস্থ্যসেবা থেকে বঞ্চিত হচ্ছেন নরসিংদী ও আশপাশের জেলার মানুষ। অনেক ক্ষেত্রে রোগীদের উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠাতে হচ্ছে বলে হাসপাতাল থেকে জানানো হয়েছে।




