বিশ্বকাপে আর্জেন্টিনার ৫৫ সদস্যের প্রাথমিক স্কোয়াড প্রস্তুত
প্রকাশিত হয়েছে : ৫:১৬:৫১,অপরাহ্ন ১২ এপ্রিল ২০২৬ | সংবাদটি ৩ বার পঠিত
২০২৬ ফুটবল বিশ্বকাপকে সামনে রেখে ৫৫ সদস্যের প্রাথমিক স্কোয়াড প্রস্তুত করেছে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। দেশটির গণমাধ্যম টিওয়াইসি স্পোর্টস জানিয়েছে, কোচ লিওনেল স্কালোনি ইতোমধ্যে এই তালিকা আর্জেন্টাইন ফুটবল অ্যাসোসিয়েশনের কাছে জমা দিয়েছেন। এখান থেকেই বাছাই করে চূড়ান্ত ২৬ সদস্যের দল ঘোষণা করা হবে।
আগামী ১১ জুন যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডায় শুরু হবে বিশ্বকাপ, চলবে ১৯ জুলাই পর্যন্ত। শিরোপা ধরে রাখার মিশনে ১৬ জুন আলজেরিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে যাত্রা শুরু করবে আর্জেন্টিনা।
স্কালোনি জানিয়েছেন, প্রাথমিক দলে অভিজ্ঞ ও নিশ্চিত খেলোয়াড়দের পাশাপাশি সম্ভাবনাময় তরুণদেরও রাখা হয়েছে। ফলে চূড়ান্ত স্কোয়াডে জায়গা পাওয়ার লড়াই বেশ প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হয়ে উঠেছে।
গোলরক্ষক পজিশনে এমিলিয়ানো মার্টিনেজ ও জেরোনিমো রুলির জায়গা প্রায় নিশ্চিত হলেও তৃতীয় গোলরক্ষক হিসেবে হুয়ান মুসো ও ওয়াল্টার বেনিতেজের মধ্যে প্রতিযোগিতা চলছে। ডিফেন্সে নাহুয়েল মোলিনা, গঞ্জালো মন্টিয়েল, ক্রিশ্চিয়ান রোমেরো, লিসান্দ্রো মার্টিনেজ, নিকোলাস ওতামেন্ডি ও নিকোলাস তালিয়াফিকোর নাম আলোচনায় রয়েছে।
মিডফিল্ডে লিয়েন্দ্রো পারেদেস, আলেক্সিস ম্যাক অ্যালিস্টার, এনজো ফার্নান্দেজ, রদ্রিগো ডি পল ও এজাকুয়েল প্যালাসিওসের পাশাপাশি তরুণদেরও সুযোগ দেওয়ার ভাবনা রয়েছে। আক্রমণভাগে লিওনেল মেসি, হুলিয়ান আলভারেজ, লাউতারো মার্টিনেজসহ বেশ কয়েকজন নিয়মিত খেলোয়াড় রয়েছেন।
এছাড়া পাউলো দিবালা, আলেহান্দ্রো গারনাচো, আনহেল কোরেয়া ও ভ্যালেন্টিন কাস্তেয়ানোসের মতো তারকারাও চূড়ান্ত দলে জায়গা পাওয়ার অপেক্ষায় আছেন।
টিওয়াইসি’র মতে বিশ্বকাপের সম্ভাব্য স্কোয়াড
গোলরক্ষক : এমিলিয়ানো মার্টিনেজ (অ্যাস্টন ভিলা) ও জেরোনিমো রুলি (অলিম্পিক মার্সেই)।
ডিফেন্ডার : নাহুয়েল মোলিনা (অ্যাথলেটিকো মাদ্রিদ), গঞ্জালো মন্টিয়েল (রিভার প্লেট), ক্রিশ্চিয়ান রোমেরো (টটেনহ্যাম), লিসান্দ্রো মার্টিনেজ (ম্যানচেস্টার ইউনাইটেড), লিওনার্দো বালের্দি (মার্সেই), নিকোলাস ওতামেন্ডি (বেনফিকা) ও নিকোলাস তালিয়াফিকো (লিওঁ)।
মিডফিল্ডার : লিয়েন্দ্রো পারেদেস (বোকা জুনিয়র্স), আলেক্সিস ম্যাক-অ্যালিস্টার (লিভারপুল), এনজো ফার্নান্দেজ (চেলসি), রদ্রিগো ডি পল (ইন্টার মিয়ামি), নিকো গঞ্জালেজ (অ্যাথলেটিকো মাদ্রিদ), এজাকুয়েল প্যালাসিওস (বায়ার লেভারকুসেন), নিকোলাস পাজ (কোমো) ও থিয়েগো আলমাদা (অ্যাথলেটিকো মাদ্রিদ)।
ফরোয়ার্ড : জুলিয়ানো সিমিওনে (অ্যাতলেটিকো মাদ্রিদ), লিওনেল মেসি (ইন্টার মায়ামি), জুলিয়ান আলভারেজ (অ্যাথলেটিকো মাদ্রিদ), লাউতারো মার্টিনেজ (ইন্টার মিলান) ও হোসে ম্যানুয়েল লোপেজ (পালমেইরাস)।




