প্রকাশ পেল ‘রইদ’ চলচ্চিত্রের প্রথম গান
প্রকাশিত হয়েছে : ৪:১৭:৪০,অপরাহ্ন ১৪ এপ্রিল ২০২৬ | সংবাদটি ৩ বার পঠিত
নির্মাতা মেজবাউর রহমান সুমন নির্মিত চলচ্চিত্র ‘রইদ’ সিনেমার প্রথম গান ‘রইদে আইলা গা জুড়াইতে’ প্রকাশ পেল।
সোমবার (১৩ এপ্রিল) চৈত্রসংক্রান্তির সন্ধ্যায় রাত আটটায় প্রকাশ করা হয়েছে গানটি ।
তাছাড়া, রাজধানীর নিকেতনস্থ ফেসকার্ড প্রোডাকশনের কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে চলচ্চিত্রটির মুক্তির তারিখ ঘোষণা করা হয়েছে।
গান প্রকাশের পূর্বে সংবাদ সম্মেলনে গানটি প্রদর্শন করা হয়। গ্রামবাংলার শেকড়সন্ধানী সুর ও ভিন্নধর্মী গায়কীর কারণে গানটি ইতিমধ্যে উপস্থিত অতিথি ও সংশ্লিষ্টদের প্রশংসা কুড়িয়েছে। গানটির কথা, সুর ও কণ্ঠ দিয়েছেন রাজীব আহমেদ রাজু। সঙ্গীত পরিচালনা, মিক্স ও মাস্টারিং করেছেন রাশীদ শরীফ শোয়েব। অডিও প্রোডাকশনের দায়িত্বে ছিল স্টুডিও কাউবেল।
পরিচালক মেজবাউর রহমান সুমন চলচ্চিত্র ও প্রকাশিত গানটি প্রসঙ্গে বলেন, “‘রইদ’ সিনেমাটি একটি সরল অথচ গভীর প্রেমের আখ্যান, যা মানব অনুভূতি ও নীরব সম্পর্কের ভেতরের ভাষাকে তুলে ধরে।”
তিনি আরও বলেন, গানটি সিনেমার শুটিংয়ের অনেক আগেই দীর্ঘ সৃজনশীল আলোচনার ফল হিসেবে তৈরি হয়েছিল, যা এখন পূর্ণতা পেয়েছে। তার ভাষায়, “গানটি যেমন শেকড়সন্ধানী, তেমনি পুরো চলচ্চিত্রটির আবেগও দর্শকের অনুভূতিতে গভীর ছাপ ফেলবে বলে আমি আশাবাদী।”
প্রযোজনা প্রতিষ্ঠান বঙ্গ-এর প্রযোজক মুশফিকুর রহমান বলেন, “‘রইদ’-এর নতুন গানটি সিনেমার শেকড় ও আত্মাকে ধারণ করে। এটি কেবল একটি চলচ্চিত্র নয়, বরং বাংলা সিনেমায় একটি নতুন ধারার সূচনা করার মতো একটি কাজ, যেখানে নির্মাণশৈলী ও গল্প বলার ভঙ্গি ভিন্ন মাত্রা যোগ করেছে।”
গানটির গায়ক, সুরকার ও গীতিকার রাজীব আহমেদ রাজু বলেন, গানটি তার জন্য এক দীর্ঘ সৃজনশীল যাত্রার ফল। পরিচালক সুমনের চিন্তা ও অনুভূতি থেকে অনুপ্রাণিত হয়ে গানটি তৈরি হয়েছে বলে তিনি জানান। তার ভাষায়, এই গান শুধু একটি সাউন্ডট্র্যাক নয়, বরং পুরো সিনেমার আবেগ ও দৃষ্টিভঙ্গির একটি গুরুত্বপূর্ণ অংশ।
অভিনেত্রী নাজিফা তুষি বলেন, গানটির প্রস্তুতি ও শুটিং দীর্ঘ সময় ধরে চলেছে, যা পুরো টিমের জন্য একটি আবেগঘন অভিজ্ঞতা ছিল। তার মতে, গ্রামীণ লোকেশনে শুটিং থেকে শুরু করে চরিত্র নির্মাণ পর্যন্ত প্রতিটি ধাপে বাস্তব অনুভূতি তৈরির চেষ্টা করা হয়েছে, যা দর্শকের কাছেও ভিন্ন অভিজ্ঞতা দেবে।
চলচ্চিত্রের দৃশ্যে নাজিফা তুশি
উল্লেখ্য, বিশ্বের অন্যতম মর্যাদাপূর্ণ চলচ্চিত্র উৎসব ‘ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল রটারড্যাম’-এর ‘টাইগার কম্পিটিশন’ বিভাগে নির্বাচিত হয়ে ইতিমধ্যে আন্তর্জাতিক অঙ্গনে প্রশংসা কুড়িয়েছে ‘রইদ’। বঙ্গ ও ফেসকার্ড প্রোডাকশনের যৌথ প্রযোজনায় নির্মিত চলচ্চিত্রটি এবার দেশের দর্শকদের সামনে বড় পরিসরে মুক্তি পেতে যাচ্ছে।
প্রযোজনা সংশ্লিষ্টরা মনে করছেন, আন্তর্জাতিক স্বীকৃতি পাওয়া এই চলচ্চিত্রটি দেশীয় দর্শকদের কাছেও নতুন ধরনের সিনেম্যাটিক অভিজ্ঞতা তৈরি করবে। ঈদুল আজহার উৎসবমুখর পরিবেশে সারাদেশের প্রধান প্রেক্ষাগৃহে একযোগে মুক্তি পাবে ‘রইদ’—এমন প্রত্যাশা এখন নির্মাতা ও প্রযোজনা সংশ্লিষ্ট সবার।




