দীর্ঘ বিরতির পর আইপিএলে ফিরছেন কামিন্স
প্রকাশিত হয়েছে : ৩:১৭:৫৪,অপরাহ্ন ১৬ এপ্রিল ২০২৬ | সংবাদটি ৩ বার পঠিত
দীর্ঘ দিনের পিঠের চোট সেরে, চলমান আইপিএলে খেলার জন্য পূর্ণ ছাড়পত্র পেয়েছেন অস্ট্রেলিয়ান তারকা প্যাট কামিন্স।
নতুন মেডিকেল স্ক্যানে দেখা গেছে, এই পেসারের পিঠের চোট পুরোপুরি সেরে গেছে।
ক্রিকবাজের তথ্য অনুযায়ী, কোনো ধরণের বিধিনিষেধ ছাড়াই বোলিং করতে পারবেন কামিন্স। আগামী শুক্রবার (১৭ এপ্রিল) দলের সঙ্গে যোগ দেওয়ার কথা রয়েছে অস্ট্রেলিয়ার এই বিশ্বকাপজয়ী অধিনায়কের।
গত বুধবার সিডনিতে করা স্ক্যানে নিশ্চিত হওয়া গেছে, কামিন্স পিঠের স্ট্রেস চোট থেকে সম্পূর্ণ সুস্থ হয়ে উঠেছেন। গত বছরের শেষ দিকে অ্যাশেজ চলাকালে পিঠে চোট পান তিনি। এরপর থেকেই মাঠের বাইরে এই অজি পেসার। চোটের কারণে ফেব্রুয়ারিতে ভারত ও শ্রীলঙ্কায় অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপেও খেলতে পারেননি কামিন্স।
তার অনুপস্থিতিতে ঈশান কিশান হায়দরাবাদকে নেতৃত্ব দিচ্ছিলেন।
টুর্নামেন্টের শুরুতেই দলের সঙ্গে যোগ দিয়েছিলেন কামিন্স। ম্যাচ খেলতে কলকাতা সফরও করেছিলেন তিনি। সেখান থেকে মেডিকেল পরীক্ষা ও ক্রিকেট অস্ট্রেলিয়ার এনওসি পাওয়ার জন্য দেশে ফিরে গিয়েছিলেন এই পেসার।
হায়দরাবাদ আগামী শনিবার (১৮ এপ্রিল) ঘরের মাঠে চেন্নাই সুপার কিংসের মুখোমুখি হবে। সেই ম্যাচ দিয়ে দলে ফিরার সম্ভবনা রয়েছে কামিন্সের।
বর্তমানে পয়েন্ট টেবিলে দুই জয় ও তিন হার নিয়ে হায়দরাবাদ চতুর্থ স্থানে রয়েছে।




