‘কিং’ নিয়ে নতুন রেকর্ড গড়ার পথে শাহরুখ, মুক্তির আগেই ২৫০ কোটি আয়
প্রকাশিত হয়েছে : ৫:৩৬:০৭,অপরাহ্ন ২৩ এপ্রিল ২০২৬ | সংবাদটি ১ বার পঠিত
বলিউডে সিনেমা মুক্তির আগেই আয় নতুন কিছু নয়, তবে কিং-কে ঘিরে তা এবার নতুন মাত্রা পেয়েছে। শাহরুখ খান অভিনীত সিদ্ধার্থ আনন্দ পরিচালিত ছবিটি মুক্তির আগেই প্রায় ২৫০ কোটি রুপি আয় করে ফেলেছে, যা চলতি বছরের অন্যতম বড় প্রি-রিলিজ সাফল্য হিসেবে বিবেচিত হচ্ছে।
পরিচালক সিদ্ধার্থ আনন্দের এই বহুল প্রতীক্ষিত ছবিটি এখনো প্রেক্ষাগৃহে আসেনি, কিন্তু ব্যবসায়িকভাবে ইতোমধ্যেই শক্ত অবস্থান তৈরি করেছে। জানা গেছে, ভারতের ডিস্ট্রিবিউশন কোম্পানি পেন মারুধর ছবিটির অল-ইন্ডিয়া থিয়েট্রিক্যাল রাইটস কিনেছে প্রায় ২৫০ কোটি রুপিতে।
ছবিটির সম্ভাব্য বাজেট ধরা হচ্ছে প্রায় ৪০০ কোটি রুপি। অর্থাৎ মুক্তির আগেই বাজেটের অর্ধেকের বেশি উঠে এসেছে। বিশ্লেষকদের মতে, এ ধরনের বড় অঙ্কের চুক্তি সাধারণত সুপারস্টারকেন্দ্রিক প্রজেক্টেই দেখা যায়—এ ক্ষেত্রে যার কেন্দ্রে রয়েছেন শাহরুখ খান।
এই বিশাল চুক্তির পেছনে কেবল নির্মাণ বা গল্প নয়, বড় ভূমিকা রেখেছে শাহরুখের ব্র্যান্ড ভ্যালু। তার প্রযোজনা প্রতিষ্ঠান রেড চিলিজ এন্টারটেইনমেন্ট-এর সঙ্গে পেন মারুধরের দীর্ঘদিনের সম্পর্ক রয়েছে। এর আগে তারা ‘জওয়ান’, ‘ডানকি’, ‘জিরো’ ও ‘বদলা’র মতো সিনেমা বিতরণ করেছে, যা ডিস্ট্রিবিউটরদের আস্থা আরও বাড়িয়েছে।‘কিং’–এ শাহরুখ খান। এক্স থেকে
জানা গেছে, যশ রাজ ফিল্মস ও ধর্মা প্রোডাকশনস-এর মতো বড় ব্যানারও ছবিটির রাইটস পেতে আগ্রহ দেখিয়েছিল।
শুধু ব্যবসা নয়, গল্প ও কাস্টিংয়েও আগ্রহ তৈরি করেছে ‘কিং’। ছবিতে একজন মেন্টর ও তার শিষ্যের দ্বন্দ্বের গল্প তুলে ধরা হবে। এতে দুই ভিন্ন টাইমলাইনে একই চরিত্রে দেখা যাবে শাহরুখ খানকে—তরুণ ও পরিণত দুই বয়সে।
ছবিতে শাহরুখের সঙ্গে অভিনয় করেছেন দীপিকা পাড়ুকোন, রানী মুখার্জি, অভিষেক বচ্চন, অনিল কাপুর ও আরশাদ ওয়ার্সি। সবচেয়ে বড় চমক হিসেবে এই ছবির মাধ্যমেই বড় পর্দায় অভিষেক হচ্ছে সুহানা খান-এর, যিনি এর আগে ‘দ্য আর্চিজ’ দিয়ে ওটিটিতে আত্মপ্রকাশ করেছিলেন।
২০২৬ সালের ২৪ ডিসেম্বর ছবিটি মুক্তির পরিকল্পনা রয়েছে। তবে একই সময়ে হলিউডের বড় বাজেটের কয়েকটি সিনেমা মুক্তির সম্ভাবনা থাকায় বক্স অফিসে প্রতিযোগিতা তীব্র হতে পারে। এর মধ্যে রয়েছে ‘জুমানজি’, ‘অ্যাভেঞ্জার্স: ডুমসডে’ ও ‘ডুন ৩’।




