ঢাবিতে নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল, আটক ২
প্রকাশিত হয়েছে : ২:৩১:৫০,অপরাহ্ন ০২ মে ২০২৬ | সংবাদটি ২ বার পঠিত
ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে রাজু ভাস্কর্যের পাদদেশে ঝটিকা মিছিল করেছে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের কয়েকজন নেতাকর্মী। এ সময় একটি মাইক্রোবাসসহ দুইজনকে আটক করেছে পুলিশ।
শনিবার (২ মে) সাত সকালে এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন প্রক্টর সাইফুদ্দিন আহমদ।
তিনি বলেন, ভোর ছয়টার দিকে ছাত্রলীগের কয়েকজন ঝটিকা মিছিল বের করে টিএসসিতে। পরে আমাদের প্রক্টরিয়াল টিমের সদস্যরা দুজনকে একটা মাইক্রোসহ আটক করে শাহবাগ থানায় দিয়ে আসে।
আটক ব্যক্তিরা হলেন- স্যার এ এফ রহমান হলের ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ফারহান তানভীর নাসিফ ও মাইক্রোবাস চালক রুবেল।
রমনা বিভাগের উপ-পুলিশ কমিশনার মাসুদ আলম বলেন, “রাজু ভাস্কর্য এলাকায় ছাত্রলীগের ঝটিকা মিছিলের সময় দুজনকে আটক করা হয়েছে। তাদের থানায় নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।”
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, ১০ থেকে ১২ জনের একটি দল হঠাৎ করে রাজু ভাস্কর্যের পাদদেশে জড়ো হয়ে মিছিল ও ব্যানার প্রদর্শন করে। পরে তারা দ্রুত একটি কালো হায়েস মাইক্রোবাসে উঠে স্থান ত্যাগ করে। এ সময় ঘটনাস্থলে থাকা আরেকটি হায়েস গাড়ির চালক এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীকে আটক করে পুলিশে সোপর্দ করে প্রক্টরিয়াল টিম।




