রোমে আলোচনা চললেও লেবাননে নতুন হামলার প্রস্তুতি নিচ্ছে ইসরায়েল
প্রকাশিত হয়েছে : ১২:৩১:৩০,অপরাহ্ন ০৬ আগস্ট ২০২৬ | সংবাদটি ১ বার পঠিত
লেবাননের সঙ্গে পরোক্ষ আলোচনা চলার মধ্যেই দেশটিতে আরও সামরিক হামলার পরিকল্পনা করছে ইসরায়েল। ইসরায়েলি গণমাধ্যমের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদনে বলা হয়, যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় ইতালির রাজধানী রোমে ইসরায়েল ও লেবাননের মধ্যে আলোচনা চলছে। তবে এর মধ্যেই ইসরায়েলি সেনাবাহিনী নতুন সামরিক অভিযানের প্রস্তুতি নিচ্ছে।
ইসরায়েলের সরকারি সম্প্রচারমাধ্যম জানিয়েছে, হিজবুল্লাহর বিরুদ্ধে ইসরায়েলের প্রতিক্রিয়া এখনো শেষ হয়নি। আরও কিছু সামরিক পদক্ষেপের বিষয় বিবেচনা করা হচ্ছে।
ইসরায়েলি সংবাদমাধ্যম চ্যানেল ১৩ জানিয়েছে, দক্ষিণ লেবাননে নতুন করে হামলার সম্ভাবনা মাথায় রেখে সেনাবাহিনী বিভিন্ন পরিকল্পনা তৈরি করছে। অন্যদিকে, চ্যানেল ১২-এর প্রতিবেদনে বলা হয়েছে, ইসরায়েলি সামরিক বাহিনী লেবাননে আরও শক্তিশালী ও কঠোর পদক্ষেপ নেওয়ার অনুমোদন চেয়েছে।
এর আগে বুধবার দক্ষিণ লেবাননের মাজদাল জাউন এলাকায় ইসরায়েলি বাহিনীর একটি ইউনিট লক্ষ্য করে বিস্ফোরণের ঘটনা ঘটে। ইসরায়েলি গণমাধ্যমের দাবি, এতে কয়েকজন সেনা হতাহত হয়েছেন। চারজন গুরুতর আহত সেনাকে হেলিকপ্টারে করে হাসপাতালে নেওয়া হয়েছে।
এদিকে, লেবাননের সরকারি বার্তা সংস্থা জানিয়েছে, দক্ষিণাঞ্চলের তেবনিন শহরে ইসরায়েলি হামলায় একজন নিহত ও ১২ জন আহত হয়েছেন। পাশাপাশি, ইসরায়েলি সেনাবাহিনীর সরিয়ে নেওয়ার সতর্কতার পর মানসুরি শহরের অনেক পরিবার এলাকা ছেড়ে চলে গেছে।
রোমে ইসরায়েল-লেবাননের পরোক্ষ আলোচনার দ্বিতীয় দফার দ্বিতীয় দিন চলছে। এর আগে যুক্তরাষ্ট্রের উদ্যোগে ওয়াশিংটনে পাঁচ দফা আলোচনা অনুষ্ঠিত হয়েছে।
লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, ২ মার্চ থেকে ইসরায়েলি হামলায় দেশটিতে ৪ হাজার ৩৩৩ জন নিহত এবং ১২ হাজার ২৫০ জন আহত হয়েছেন।




