নিখোঁজের ১৫ ঘণ্টায়ও উদ্ধার হয়নি শিশু হুমায়রা, পুরস্কার ঘোষণা
প্রকাশিত হয়েছে : ১:৩৮:৫০,অপরাহ্ন ১৬ মে ২০২৬ | সংবাদটি ২ বার পঠিত
নিখোঁজের ১৫ ঘণ্টা পার হলেও উদ্ধার হয়নি হুমায়রা জান্নাত (৪)। তাকে উদ্ধারে রাতভর পুলিশ, ফায়ার সার্ভিস ও স্থানীয়রা বাড়ির আশপাশ, পুকুর এবং জঙ্গল এলাকায় তল্লাশি চালালেও এখনও কোনো সন্ধান মেলেনি। রাজশাহীর দুর্গাপুরের এ ঘটনায় এলাকায় উদ্বেগ ও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
শনিবার (১৬ মে) সকাল ৮টার দিকে শিশুটির সন্ধানদাতা বা তাকে ফিরিয়ে দিতে সক্ষম ব্যক্তিকে এক লাখ টাকা পুরস্কার দেওয়ার ঘোষণা দিয়েছে পরিবার।
নিখোঁজ হুমায়রা জান্নাত উপজেলার হাটকানপাড়া বাজার এলাকার বাসিন্দা। তার বাবা হাসিবুল হোসেন শান্ত একজন ফার্মেসি ব্যবসায়ী।
শুক্রবার (১৫ মে) বিকেল ৫টার দিকে বাড়ির পাশে খেলতে গিয়ে নিখোঁজ হয় হুমায়রা। ওই সময় তার সমবয়সী আরও কয়েকজন শিশু সেখানে খেলছিল।
শিশুটির দাদা ইসমাইল হোসেন জানান, প্রায় ১৫ ঘণ্টা পার হলেও এখনো নাতনির কোনো খোঁজ পাওয়া যায়নি। তাকে যেকোনোভাবে ফিরিয়ে দিতে পারলে এক লাখ টাকা পুরস্কার দেওয়া হবে বলে ঘোষণা দেন তিনি।
ইসমাইল হোসেন জানান, নিখোঁজের সময় হুমায়রার পরনে কালো রঙের গেঞ্জি ও হাফপ্যান্ট ছিল। তার সঙ্গে খেলতে থাকা শিশুরাও কোনো তথ্য দিতে পারেনি। পরিবারের ধারণা, তাকে অপহরণ করা হয়ে থাকতে পারে। তবে এখন পর্যন্ত কেউ মুক্তিপণ দাবি করেনি।
দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পঞ্চনন্দ বলেন, শিশুটিকে উদ্ধারে জোর তৎপরতা চালানো হচ্ছে। শুক্রবার রাতভর বাড়ির পাশে পুকুর, বাগান, জঙ্গলে তল্লাশি চালানো হয়েছে। তবে পাওয়া যায়নি।
ওসি বলেন, অপহরণ হয়েছে কি না, এটা এখনো স্পষ্ট নয়। কারণ, ১৫ ঘণ্টা অতিবাহিত হলেও কেউ এখনো টাকাপয়সা দাবি করেনি। আমরা স্থানীয় লোকজন, প্রতিবেশী ও শিশুটির খেলার সহপাঠীদের সঙ্গে কথা বলেছি। আমরা শিশুটি উদ্ধারে চেষ্টা চালিয়ে যাচ্ছি।




