নাটোরের লালপুরে ট্রাক-ইজিবাইক সংঘর্ষে নিহত ৩, আহত চারজন
প্রকাশিত হয়েছে : ৪:০০:৩৭,অপরাহ্ন ২৪ মার্চ ২০২৬ | সংবাদটি ৪ বার পঠিত
নাটোরের লালপুরে ট্রাকের সঙ্গে ব্যাটারিচালিত ইজিবাইকের সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। আহত হয়েছেন চারজন। হতাহতরা সবাই ইজিবাইকের আরোহী।
মঙ্গলবার সকাল ৭টার দিকে উপজেলার নবীনগর গ্রামে এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছেন লালপুর থানার ওসি মজিবুর রহমান।
নিহতরা হলেন- জাহিদুল ইসলাম (৫০), মনিরুল (২৭) বাবুল (৩৫)। তারা তিনজনই উপজেলার দুড়দুড়িয়া ইউনিয়নের বাসিন্দা।
আহতদের মধ্যে রয়েছেন- ইজিবাইকটির চালক রাব্বি (২২), মিঠুন সাহা (৩৫), মজনু (৪০) ও রাজিব (৩৫)।
স্থানীয়দের বরাতে ওসি মজিবর রহমান বলেন, ‘‘সকালে ইজিবাইকটি লালপুর থেকে ঈশ্বরদীর দিকে যাচ্ছিল। পথে নবীনগর এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে সংঘর্ষ হয়।এতে ট্রাকের চাপায় ইজিবাইকটি দুমড়ে-মুচড়ে যায় । ঘটনাস্থলেই একজনের মৃত্যু হয় এবং চালকসহ আরও ছয়জন গুরুতর আহত হন।
খবর পেয়ে ফায়ার সার্ভিস ও পুলিশ ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়। পরে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে আহতদের মধ্যে আরও দুজন মারা যান।’’
ওসি বলেন, ‘‘দুর্ঘটনার পর ট্রাকটির চালক ও সহকারী পালিয়ে গেছেন। দুর্ঘটনাকবলিত যানবাহন দুটি জব্দ করে থানায় আনা হয়েছে।’’
এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান তিনি।




