ডিজিএফআইয়ের সাবেক ডিজি মামুন খালেদ ৫ দিনের রিমান্ডে
প্রকাশিত হয়েছে : ৬:৫০:০১,অপরাহ্ন ২৬ মার্চ ২০২৬ | সংবাদটি ৫ বার পঠিত
জুলাই আন্দোলনে রাজধানীর মিরপুরে দেলোয়ার হোসেন হত্যা মামলায় প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদফতরের (ডিজিএফআই) সাবেক মহাপরিচালক (ডিজি) লেফটেন্যান্ট জেনারেল (অব.) শেখ মামুন খালেদের ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত।
বৃহস্পতিবার (২৬ মার্চ) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. সিদ্দিক আজাদের আদালত রিমান্ডের আদেশ দেন।
এর আগে, মামলাটির তদন্ত কর্মকর্তা ও ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগের (ডিবি) উপপরিদর্শক (এসআই) কফিল উদ্দিন বৃহস্পতিবার দুপুরে শেখ মামুন খালেদের ৭ দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন।
সাবেক এ সেনা কর্মকর্তাকে গতকাল বুধবার দিবাগত রাতে মিরপুর ডিওএইচএস থেকে আটক করে আইনশৃঙ্খলা বাহিনী। তার বিরুদ্ধে বিভিন্ন অভিযোগের বিষয়ে অনুসন্ধান চলছিল। যার মধ্যে আছে ডিজিএফআইকে রাজনৈতিক কর্মকাণ্ডে সম্পৃক্ত করা, ওয়ান-ইলেভেনের সময় তার বিতর্কিত ভূমিকা ও জলসিঁড়ি আবাসন সংক্রান্ত অনিয়ম।
শেখ মামুন খালেদকে আটকের পর সন্দেহভাজন হিসেবে দেলোয়ার হোসেন হত্যা মামলায় গ্রেফতার দেখানো হয়।
আওয়ামী লীগ সরকার পতনের পর অন্তর্বর্তী সরকারের সময়ে ২০২৫ সালের মে মাসে দুদকের আবেদনের প্রেক্ষিতে স্ত্রীসহ শেখ মামুন খালেদের দেশত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছিল আদালত।
২০০৭-০৮ সালে তত্ত্বাবধায়ক সরকার আমলের শেষ দিকে তিনি ডিজিএফআইয়ের কাউন্টার ইন্টেলিজেন্স ব্যুরোর পরিচালক ছিলেন। এরপর আওয়ামী লীগ সরকারের আমলে ডিজিএফআইয়ের ডিজি হন শেখ মামুন খালেদ।




