বগুড়ায় ‘ইলেকশন ইঞ্জিনিয়ারিং’ চেষ্টার অভিযোগ জামায়াত প্রার্থীর
প্রকাশিত হয়েছে : ১:৫১:০৬,অপরাহ্ন ০৯ এপ্রিল ২০২৬ | সংবাদটি ৫ বার পঠিত
বগুড়া-৬ (সদর) আসনের উপনির্বাচনে ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ের চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ করেছেন জামায়াত মনোনীত প্রার্থী অধ্যক্ষ আবিদুর রহমান সোহেল।
তিনি অভিযোগ করেন, বিভিন্ন কেন্দ্রে প্রিসাইডিং ও পোলিং অফিসাররা আগাম স্বাক্ষর নিয়ে রাখাসহ নানা অনিয়মে জড়িয়ে পড়েছেন।
বৃহস্পতিবার (৯ এপ্রিল) বেলা ১১টায় শহরের মালতীনগর হাইস্কুল কেন্দ্রে আয়োজিত এক জরুরি প্রেস ব্রিফিংয়ে তিনি এসব দাবি করেন।
আবিদুর রহমান সোহেল বলেন, মালতীনগর হাইস্কুল কেন্দ্রে আমাদের এজেন্টদের ওপর চাপ সৃষ্টি করে রেজাল্ট শিটে আগাম স্বাক্ষর নিয়ে রাখা হয়েছে। এছাড়া সিটি স্কুল ও কলেজ কেন্দ্রে একজন পোলিং অফিসার ১০ পাতায় আগাম স্বাক্ষর করে রেখেছেন, যা সম্পূর্ণ বেআইনি।
রিটার্নিং অফিসারের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে জামায়াত প্রার্থী বলেন, রিটার্নিং অফিসার নিরপেক্ষভাবে দায়িত্ব পালনে ব্যর্থ হয়েছেন। আমরা বারবার লিখিতভাবে সুনির্দিষ্ট অভিযোগ দিলেও তিনি তা আমলে নিচ্ছেন না। তিনি মূলত একটি বিশেষ দলের পক্ষে কাজ করছেন।
তিনি আরও অভিযোগ করেন, নিরপেক্ষ ব্যক্তিদের প্রিসাইডিং অফিসার নিয়োগের দাবি জানানো হলেও রিটার্নিং অফিসার সরকারি দলের দ্বারা প্রভাবিত হয়ে কর্মকর্তা নিয়োগ দিয়েছেন। এটি অবাধ ও সুষ্ঠু নির্বাচনের পথে বড় অন্তরায়।
ভোট বর্জন করবেন কি না— সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে আবিদুর রহমান সোহেল বলেন, আমরা একটি সুষ্ঠু নির্বাচনের প্রত্যাশায় এই উপনির্বাচনে অংশ নিয়েছি। এখনই ভোট বর্জনের কোনো ইচ্ছা আমাদের নেই। আমরা চাই জনগণ তাদের পছন্দের প্রার্থীকে ভোট দিয়ে বিজয়ী করার সুযোগ পাক। আমরা শেষ মুহূর্ত পর্যন্ত দেখতে চাই নির্বাচন কমিশন তাদের নিরপেক্ষতা প্রমাণ করতে পারে কি না।




