ইরানের সঙ্গে আলোচনায় গুরুত্ব পাবে পারমাণবিক অস্ত্র: ট্রাম্প
প্রকাশিত হয়েছে : ১১:২৩:৪২,অপরাহ্ন ১১ এপ্রিল ২০২৬ | সংবাদটি ৩ বার পঠিত
ইরানের সঙ্গে আলোচনা প্রসঙ্গে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, এ নিয়ে কোনো বিকল্প পরিকল্পনার প্রয়োজন নেই। এ আলোচনায় ইরানের পারমাণবিক কর্মসূচি গুরুত্ব পাবে বলেও জানান তিনি।
ভার্জিনিয়ার শার্লটসভিলের উদ্দেশে উড়োজাহাজে ওঠার আগে সাংবাদিকদের প্রশ্নের জবাবে প্রেসিডেন্ট ট্রাম্প এসব কথা বলেন।
যুদ্ধবিরতি আলোচনার জন্য ইসলামাবাদে যাওয়ার আগে ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সকে তিনি কী বলেছেন—এমন প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, আমি তাকে শুভকামনা জানিয়েছি।
যুক্তরাষ্ট্র-ইরান আলোচনা কি একবারেই শেষ হবে নাকি আগামী সপ্তাহগুলোতেও চলবে, সে বিষয়ে নিশ্চিত নন বলে জানান প্রেসিডেন্ট ট্রাম্প। কোনো বিকল্প পরিকল্পনা (ব্যাক-আপ প্ল্যান) আছে কি না—এমন প্রশ্নে তিনি বলেন, আপনাদের কোনো বিকল্প পরিকল্পনার প্রয়োজন নেই।
ইরানের সঙ্গে একটি ভালো চুক্তি কেমন হতে পারে—অন্য এক সাংবাদিকের এমন প্রশ্নের জবাবে মার্কিন প্রেসিডেন্ট বলেন, কোনো পারমাণবিক অস্ত্র থাকবে না।’ এ সময় তিনি উল্লেখ করেন, তাঁর মতে ইরানে ইতিমধ্যে সরকার পরিবর্তন (রেজিম চেঞ্জ) ঘটে গেছে।
প্রেসিডেন্ট ট্রাম্প আরও বলেন, হরমুজ প্রণালি ‘খুব শিগগিরই’ খুলে দেওয়া হবে। যদিও যুক্তরাষ্ট্রের জন্য এটির প্রয়োজন নেই বলে তিনি মন্তব্য করেন।
হরমুজ প্রণালি দিয়ে যাতায়াতকারী জাহাজগুলো থেকে ইরান টোল আদায় করবে—এমন সংবাদের বিষয়ে জানতে চাইলে প্রেসিডেন্ট ট্রাম্প বলেন, আমরা এমনটা হতে দেব না।




