মানিকগঞ্জে নিখোঁজ শিশুর লাশ উদ্ধার, হত্যার অভিযোগে পিটুনিতে দুই ভাই নিহত
প্রকাশিত হয়েছে : ১২:৪০:৩৮,অপরাহ্ন ১৭ এপ্রিল ২০২৬ | সংবাদটি ৩ বার পঠিত
মানিকগঞ্জে নিখোঁজ শিশুকে হত্যার অভিযোগে পিটুনিতে দুজন নিহত ও একজন গুরুতর আহত হয়েছেন।
বৃহস্পতিবার (১৬ এপ্রিল) মধ্য রাতে সদর উপজেলার হাটিপাড়া ইউনিয়নের বনপারিল (কান্দুরপার ব্রিজ) এলাকায় এ ঘটনা ঘটে বলে সদর থানার ওসি মো. ইকরাম হোসেন জানান।
নিহত দুজন হলেন বনপারিল গ্রামের ইজিবাইকচালক পান্নু মিয়া (৪৫) ও তাঁর ভাই ফজলু মিয়া (২৮)। এ ঘটনায় পান্নু মিয়ার ছেলে নাজমুল (২০) গুরুতর আহত হয়েছেন।
সদর থানার পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল বৃহস্পতিবার বিকেলে সদর উপজেলার বনপারিল গ্রামের দোদুল মিয়ার মেয়ে আতিকা আক্তার (৯) নিখোঁজ হয়। এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে সামাজিক যোগাযোগমাধ্যমে বিষয়টি প্রচার করা হয় এবং এলাকায় মাইকিং করে খোঁজ করা হয়। এরপর রাত ১০টার দিকে বাড়ির পাশের একটি ভুট্টাখেতে হাত-পা বাঁধা অবস্থায় শিশু আতিকাকে দেখতে পান স্থানীয় লোকজন। পরিবারের অভিযোগ, শিশুটির কানের সোনার দুল ও গলার চেইন লুটের উদ্দেশ্যে তাকে হত্যা করা হয়েছে।
হত্যায় জড়িত সন্দেহে শিশুটির স্বজন ও স্থানীয় লোকজন অটোচালক পান্নু মিয়া ও তাঁর ভাই ফজলু এবং নাজমুলকে পিটুনি দেন। এতে ঘটনাস্থলেই পান্নু ও ফজলু মারা যান। গুরুতর আহত হন নাজমুল। তাঁকে জেলা সদরের ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।
খবর পেয়ে সদর থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। পরিস্থিতি বর্তমানে শান্ত রয়েছে। মানিকগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকরাম হোসেন বলেন, শিশুটি এবং ওই দুই ব্যক্তির মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মানিকগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় জড়িত ব্যক্তিদের শনাক্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। একই সঙ্গে গণপিটুনির ঘটনাতেও আইনগত ব্যবস্থা নেওয়া হবে।




