বাণিজ্যিক জাহাজে হামলা ‘সমর্থনযোগ্য নয়’:রুবিওকে জয়শঙ্কর
প্রকাশিত হয়েছে : ৪:৫০:৪২,অপরাহ্ন ১৩ জুন ২০২৬ | সংবাদটি ১ বার পঠিত
ওমান উপসাগরে তেলবাহী একটি জাহাজে মার্কিন নৌবাহিনীর হামলায় তিন ভারতীয় নাবিক নিহত হওয়ার ঘটনায় তীব্র প্রতিবাদ জানিয়েছে ভারত।
এনডিটিভি লিখেছে, ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর শুক্রবার সন্ধ্যায় মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর সঙ্গে ফোনালাপে এ প্রতিবাদ জানান।
জয়শঙ্কর বলেন, বাণিজ্যিক জাহাজের ওপর এ ধরনের প্রাণঘাতী হামলা কোনোভাবেই ‘সমর্থনযোগ্য নয়’।
ভারততের পররাষ্ট্রমন্ত্রী এক্স পোস্টে বলেন, “আজ সন্ধ্যায় মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর সঙ্গে কথা বলেছি। উপসাগরীয় অঞ্চলে মার্কিন নৌবাহিনীর হামলায় তিন ভারতীয় নাবিকের মৃত্যুর ঘটনায় ভারতের তীব্র প্রতিবাদের বিষয়টি আমি পুনর্ব্যক্ত করেছি। বাণিজ্যিক জাহাজের বিরুদ্ধে এমন প্রাণঘাতী পদক্ষেপ কোনোভাবেই সমর্থনযোগ্য নয়।”
শুক্রবারই দিল্লিতে মার্কিন শার্জ দ্য অ্যাফেয়ার্স জেসন মিকসকে তলব করে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়। মার্কিন হামলার ঘটনায় তীব্র নিন্দা জানিয়ে তার হাতে প্রতিবাদপত্র তুলে দৌযা হয়।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়, বেসামরিক জাহাজের বিরুদ্ধে এমন মারাত্মক ও প্রাণঘাতী শক্তি প্রয়োগের বিষয়ে ভারত গভীর উদ্বেগ প্রকাশ করছে।
এই ধরনের পদক্ষেপ সম্পূর্ণ ‘অগ্রহণযোগ্য’ এবং একটি কঠিন সময়ে সংবেদনশীল অঞ্চলে আন্তর্জাতিক সামুদ্রিক বাণিজ্যের নিরাপত্তা ও স্থিতিশীলতাকে ব্যাহত করে।
গত বৃহস্পতিবার ওমান উপকূলে তেলবাহী ট্যাঙ্কারে মার্কিন বাহিনীর হামলায় ভারতীয় ওই তিন নাবিক নিহত হন। হামলার শিকার ‘সেত্তেবেলো’ নামের পালাউয়ের ওই ট্যাঙ্কারে মোট ২৮ জন ক্রু ছিলেন।
তাদের মধ্যে ২৪ জন ভারতীয় এবং দুজন পাকিস্তানি, একজন ইউক্রেনীয় এবং একজন রুশ নাগরিক ছিলেন।
এদিকে মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) জানিয়েছে, জাহাজটি মার্কিন নৌবাহিনীর নির্দেশনা অমান্য করে চলমান মার্কিন অবরোধ লঙ্ঘন করে ইরান থেকে তেল পরিবহনের চেষ্টা করছিল।
বারবার সতর্ক করার পরও ক্রুরা কথা না শোনায় মার্কিন বাহিনীর একটি বিমান থেকে জাহাজটি লক্ষ্য করে গুলি চালানো হয় এবং সেটিকে অচল করে দেওয়া হয়।
তবে জাহাজটির ব্যবস্থাপক প্রতিষ্ঠান আইওএস মেরিন এফজেডই এই দাবি প্রত্যাখ্যান করে বলেছে, কোনও সতর্কতা উপেক্ষা করা হয়নি এবং জাহাজটিতে ইরানের অপরিশোধিত তেলও ছিল না। তারা এ ঘটনার স্বচ্ছ আন্তর্জাতিক তদন্তের দাবি জানিয়েছে।
পশ্চিম এশিয়ায় চলমান সংঘাতের জেরে ওই অঞ্চলে সামুদ্রিক নিষেধাজ্ঞা ও উত্তেজনা চরম আকার ধারণ করেছে।




