বসনিয়ায় সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ৪
প্রকাশিত হয়েছে : ১১:০৫:০৪,অপরাহ্ন ৩০ অক্টোবর ২০২৬ | সংবাদটি ১ বার পঠিত
বসনিয়া ও হার্জেগোভিনায় ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) শান্তিরক্ষা মিশনে নিয়োজিত ইতালির একটি সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে চারজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ১১ জন।
বৃহস্পতিবার (২৯ অক্টোবর) দেশটির ব্রচকো জেলার গোরিচে গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
ইতালির প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, নিহতদের দুজন দেশটির সেনাবাহিনীর সদস্য এবং বাকি দুজন ইতালীয় রেড ক্রসের স্বেচ্ছাসেবী সামরিক বাহিনীর সদস্য। হেলিকপ্টারটিতে মোট ১৫ জন ছিলেন। আহত ১১ জনকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। তাদের কারও অবস্থা আশঙ্কাজনক নয়।
ইতালির সংবাদ সংস্থা আনসা জানিয়েছে, গোরিচে গ্রামে হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়। স্থানীয় সংবাদমাধ্যমে প্রকাশিত ছবিতে সামরিক পরিবহন হেলিকপ্টারটিকে মাটিতে উল্টে পড়ে থাকতে এবং কয়েকটি অংশে ভেঙে যেতে দেখা গেছে।
ইতালির প্রতিরক্ষা মন্ত্রী গুইদো ক্রসেত্তো নিহতদের পরিবারের প্রতি গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন। প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনিও সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া বার্তায় নিহতদের স্বজন এবং মিশনে নিয়োজিত ব্যক্তিদের প্রতি সহমর্মিতা প্রকাশ করেছেন।
ইতালির প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, দুর্ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত চলছে।
হেলিকপ্টারটি ইউরোপীয় ইউনিয়নের পরিচালিত ‘অপারেশন আলথিয়া’র অংশ হিসেবে মোতায়েন ছিল। বসনিয়া ও হার্জেগোভিনায় ডেটন শান্তিচুক্তি বাস্তবায়নের তদারকি করাই এ মিশনের দায়িত্ব।




