জয় তো জয়ই, জোট সরকার গঠনের আলোচনায় ধৈর্য ধরুন
প্রকাশিত হয়েছে : ১১:১৫:২৭,অপরাহ্ন ৩০ অক্টোবর ২০২৬ | সংবাদটি ১ বার পঠিত
ইসরায়েলের বিদায়ী বিরোধী দলীয় নেতা এবং বি’ইয়াচাদ দলের প্রভাবশালী নেতা ইয়ার লাপিদ বলেছেন, গত মঙ্গলবার অনুষ্ঠিত নির্বাচনে নেতানিয়াহু বিরোধী জোট নিরঙ্কুশ জয় না পেলেও ‘পয়েন্টের ভিত্তিতে জয়’নিশ্চিত করেছে। একইসঙ্গে তিনি সরকার গঠনের চেষ্টা শুরু করার এ সময়ে জনসাধারণকে ধৈর্য ধরার অনুরোধ জানিয়েছেন।
বি’ইয়াচাদ দলের দলের ২ নম্বর নেতা লাপিদ ১২০ আসনের নেসেটের নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতার দিকে ইঙ্গিত করে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে এক পোস্টে লিখেছেন, গত মঙ্গলবার রাত ১০ টায়, আমরা সবাই স্ক্রিনের দিকে তাকিয়ে ছিলাম এবং একটি সংখ্যার অপেক্ষায় ছিলাম। ৬১। সেটি দেখা যায়নি। আমাদের জন্যও না, আর নিশ্চিতভাবেই তাঁর (নেতানিয়াহু) জন্যও না।
আরব দলগুলোসহ নেতানিয়াহু বিরোধী জোট মোট ৬৭টি আসন পেয়েছে। বিরোধীদের সরকার গঠনের জন্য এই সংখ্যা প্রয়োজনের তুলনায় বেশিই রয়েছে। কিন্তু জোটের চারটি দলের মধ্যে ইহুদিদের নেতৃত্বাধীন তিনটি দল ইয়াসার, বি’ইয়াহাদ ও ইসরায়েল বেইতেনু আরব-নেতৃত্বাধীন জয়েন্ট লিস্ট এবং রাআম-এর সঙ্গে জোটে বসতে অস্বীকৃতি জানানোয় বিরোধীদের সরকার গঠন নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে।
পূর্ণাঙ্গ ভোট গণনা শেষে নেতানিয়াহুর নেতৃত্বাধীন জোট পেয়েছে ৫৩টি আসন। এর মধ্যে নেতানিয়াহুর লিকুদ পার্টি ২৭ আসন পেয়ে একক বৃহত্তম দল হিসেবে নিজেদের অবস্থান ধরে রেখেছে। তবে তার জোটের কাছেও ৬১টি আসনের সংখ্যাগরিষ্ঠতা অর্জনের কোনো স্পষ্ট পথ নেই।
লাপিদ স্বীকার করেন, নেতানিয়াহু বিরোধী জোট ‘স্পষ্ট ও তাৎক্ষণিক জয়’ চেয়েছিল। কিন্তু আমরা তা পাইনি।
কট্টর ইহুদিবাদী ইউনাইটেড তোরাহ জুডাইজম (৭ আসন) এবং শাস (৬ আসন) দলের দিকে ইঙ্গিত করে লাপিদ লিখেছেন, নেতানিয়াহুর জোট ৫৩ আসন পেয়েছেন। এটি তাঁদের জন্য ধস। এত কম সংখ্যার মধ্যেও ১৩টি আসন এমন দলগুলোর, যারা নিজেদের অ-জায়নবাদী মনে করে।
লাপিদ লিখেছেন, এ অবস্থায় তার (নেতানিয়াহু) কাছে মাত্র ৪০টি আসন বাকি থাকে। মূল্যায়ন করেন লাপিড। তিনি যাই করুন না কেন, তার কাছে সরকার গঠনের কোনো উপায় নেই।
বর্তমানে ক্ষমতাসীন নেতানিয়াহুর নেতৃত্বাধীন জোট সরকারের বর্তমান পার্লামেন্টে ৬৮টি আসন রয়েছে। তাই, এই ফলাফল তাদের জন্য বড় ধরনের পতন হিসেবে দেখা হচ্ছে।
লাপিদ লিখেছেন, তাই আমরাই জিতেছি। এটি কোনো “নকআউট” ছিল না। এটি ছিল পয়েন্টের ভিত্তিতে জয়। পয়েন্টও তো গণনা করা হয়। জয় তো জয়ই।
বিদায়ী বিরোধী দলীয় নেতা বলেছেন, ইয়াসার প্রধান গাদি আইসেনকটের নেতৃত্বে তাদের জোট সরকার গঠনে সাধ্যের মধ্যে সব চেষ্টাই করবে। তবে এটি ‘কঠিন’হবে। সাফল্য নিশ্চিত নয়।
লাপিদ এক্সে লিখেছেন, ইসরায়েলিদের কাছে চাওয়াটা কঠিন হলেও আপনাদের কাছে আমার অনুরোধ, ধৈর্য ধরুন।
এই বিরোধী নেতা বলেন, সরকার গঠন প্রক্রিয়া নির্বাচনী প্রচারের একদম ‘বিপরীত’। এটি ক্যামেরার আড়ালে, ছোট ঘরে, ধীরে ধীরে ঘটে।
বি’ইয়াচাদ দলের নেতা, আমি জানি, মানুষ অনিশ্চয়তা পছন্দ করে না। এখন আপনারা যে নীরবতা দেখছেন, সে ব্যাপারে আপনারা যদি প্রশ্ন করেন, পেছনে সত্যি কিছু ঘটছে কি না, তবে উত্তর হলো—হ্যাঁ, ঘটছে।
ইহুদিদের নেতৃত্বাধীন নেতানিয়াহু বিরোধী শিবির ৪৮টি আসন জিতেছে। আরব দল জয়েন্ট লিস্ট ও রাআম মিলে ১৯টি আসন জিতেছে। বর্তমান নেসেট তাদের রয়েছে ১০টি আসন।
বামপন্থী ডেমোক্র্যাটস পার্টির প্রধান ইয়ার গোলান শুক্রবার আবারও বিরোধী দলগুলোকে আরব দলগুলোর সঙ্গে কাজ করার এবং সরকার গঠনের আহ্বান জানিয়েছেন। তার যুক্তি, তাদের সম্মিলিত ১৯টি আসনকে উপেক্ষা করা হবে অগণতান্ত্রিক।
হারেৎজ পত্রিকায় এক মতামত কলামে গোলান যুক্তি দেন, গণতান্ত্রিক ইসরায়েলে কোনো শর্তাধীন নাগরিক নেই। সাখনিন বা রাহাতে একজন আরব নাগরিক মঙ্গলবার যে ভোট দিয়েছেন, তেল আবিব বা সদেরোতে একজন ইহুদি নাগরিকের দেওয়া ভোটের মতোই তার ভোটের মূল্য সমান।
গোলান লিখেছেন, যিনি গণতন্ত্রে বিশ্বাস করেন, তিনি সকালে তার জন্য লড়াই করে আবার সন্ধ্যায় কেবল তাদের উৎপত্তি বা নামের কারণে হাজার হাজার নাগরিকের ভোট বাতিল করতে পারেন না।
ইহুদি – নেতৃত্বাধীন বিরোধী দলগুলোর প্রধানদের মধ্যে কেবল গোলানই রাআম এবং জয়েন্ট লিস্টের সঙ্গে কাজ করার ইচ্ছা প্রকাশ করেছেন। ইয়াসারের গাদি আইজেনকট, বি’ইয়াহাদের নাফতালি বেনেট এবং ইসরায়েল বেইতেনুর আবিদগার লিবারম্যান—এঁদের সবাই শুরুতে আরবদের সঙ্গে জোটের সম্ভাবনা নাকচ করে দেন।
গোলানের দল নির্বাচনে আটটি আসনে জয়ী হয়েছে। গোলান গতকাল বৃহস্পতিবার আইজেনকট, লাপিদ ও রাআম প্রধান মনসুর আব্বাসের সঙ্গে সাক্ষাৎ করেছেন।
পরবর্তী সরকার গঠনের চেষ্টা যাই হোক না কেন, আগামী ১০ নভেম্বর নেসেটের শপথ গ্রহণের দিন ধার্য করা হয়েছে। সরকার গঠনের আলোচনা কঠিন হতে পারে। এই আলোচনা দুই মাসের বেশি সময় ধরে চলতে পারে বলে ধারণা করা হচ্ছে।
নেতানিয়াহুও নিজের ভবিষ্যৎ পথ খুঁজছেন। ওয়াইনেট-এর মতে, প্রধানমন্ত্রী সরকার গঠনের সম্ভাবনা বিচার-বিবেচনা করছেন। এরই অংশ হিসেবে তিনি চরম ডানপন্থী উগ্র জায়ানবাদী দল জেহুত পার্টির নেতা ও অর্থমন্ত্রী বেজালেল স্মোটরিচ এবং চরম ডানপন্থী ওৎজমা ইয়েহুদিত পার্টির নেতা ও জাতীয় নিরাপত্তা মন্ত্রী ইতামার বেন গভিরের সঙ্গে কথা বলেছেন।
খবর অনুযায়ী, নেতানিয়াহু বর্তমান জোটের বাইরের দলগুলোর সঙ্গে সরকার গঠনের চেষ্টা করতে পারেন এমন গুঞ্জনের মধ্যে তিনি তাদের আশ্বস্ত করেছেন, তিনি ডানপন্থী জোটটিকে একসঙ্গে ধরে রাখতে চান।
সংবাদমাধ্যম চ্যানেল১৪ (নেতানিয়াহু পন্থী)-এর মতে, প্রধানমন্ত্রী তাদের বলেছেন, আমরা একসঙ্গে আছি এবং একসঙ্গেথেই থাকব।




